দেশের চলমান গ্যাস-বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১১ দলীয় জোট লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই তথ্য জানিয়েছেন। তিনি সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আসিফ মাহমুদ দেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের বাণিজ্যিক ও সামরিক চুক্তির বিষয়ে এগিয়ে যাওয়া উচিত বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখেই। তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া প্রয়োজন যাতে কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে গিয়ে অন্য কোনো রাষ্ট্র বা অঞ্চলের সঙ্গে দেশের স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়।
এনসিপি মুখপাত্র দেশের বর্তমান তেল, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার অভিযোগ, নাগরিকরা অতিরিক্ত দাম ও বিভিন্ন ধরনের ভূতুড়ে বিল পরিশোধ করেও প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছেন না। তিনি জানান, এতে দেশের পরিস্থিতি ২০০৫ সালের আগের সময়ের মতো সংকটাপন্ন হয়ে উঠছে।
প্রবাসী শ্রমবাজারে চলমান অনিয়ম এবং বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও আসিফ মাহমুদ কথা বলেন। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবের বিমান টিকিটের দাম প্রায় ৩৫০ ডলার বা ৪০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছিল। বর্তমানে সিন্ডিকেটের কারসাজিতে একই টিকিটের দাম ৬০ থেকে ৭০ হাজার, এমনকি ৮০ হাজার টাকা পর্যন্ত উঠেছে।
তিনি অভিযোগ করেন যে, দেশের বিভিন্ন খাতে নতুন করে সিন্ডিকেট ও চাঁদাবাজি সক্রিয় হয়ে উঠেছে। আসিফ মাহমুদের মতে, এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। তিনি মালয়েশিয়ার শ্রমবাজারের প্রসঙ্গও তুলে ধরেন।



মতামত (0)