রাজনীতি

১১ দলের লংমার্চ শুরু: জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে ছাড় নেই

১১ দলের লংমার্চ শুরু: জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে ছাড় নেই
১১ দলের লংমার্চ শুরু: জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে ছাড় নেই
১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু হয়েছে। জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শনিবার মন্তব্য করেছেন যে, বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল রাজপথে নেমেছে। তিনি বলেন, কোনো চাঁদাবাজি ও দুর্নীতি বরদাশত করা হবে না। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, গন্তব্যের পথে বাধা দিলে লড়াই হবে। তিনি আজ শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন। জনগণের অধিকার আজ লুণ্ঠিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, দেশে গ্যাস নেই, পানি নেই—এসব বিষয় নিয়েও কথা বলা যাচ্ছে না। এসব বিষয়ে কথা বলার কারণেই সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, সিফাতকে না ছাড়লে সব ওলটপালট হয়ে যেতে পারে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ে ১১ দল অঙ্গীকারবদ্ধ। তাদের কর্মসূচির ‘ওষুধ’ ইতোমধ্যে কাজ করা শুরু করেছে বলেও তিনি মন্তব্য করেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের এই শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়।

সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লংমার্চের বহর রওনা হওয়ার কথা রয়েছে।

লংমার্চের পথে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাই। সবশেষ চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের গণনা বাস্তবায়ন করতে হবে। তেল-গ্যাস-বিদ্যুতের সংকট নিরসন করতে হবে, না হলে সরকার গদিতে থাকতে পারবে না। আজ শনিবার ফেনীতে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার নির্বাচিত হওয়ার পর একটি প্রতিশ্রুতিও রক্ষা করে নাই। গণঅভ্যুত্থানের পরে আশা করেছিলাম দেশে দুর্নীতি, চাঁদাবাজি-সন্ত্রাস থাকবে না। দেশে সুশাসন নিশ্চিত হবে এবং প্রত্যেকের কর্মসংস্থান নিশ্চিত হবে বলেও তিনি উল্লেখ করেন। গণঅভ্যুত্থানের সময়ে প্রায় ১১ জন ভাই শহীদ হয়েছিলেন বলেও তিনি স্মরণ করেন।

নাহিদ ইসলাম বলেন, আজ আমরা ঠিক সেই জায়গায় একত্রিত হয়েছি। এটি পথসভা হওয়ার কথা ছিল, কিন্তু তা জনসমুদ্রে পরিণত হয়েছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, আপনারা সংসদে একটি সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করেছেন। দুই-তৃতীয়াংশের জোরে আপনারা সংস্কারের সকল অধ্যাদেশ বাতিল করেছেন।

তিনি আরও বলেন, আপনারা বলেছিলেন র‍্যাব বিলুপ্ত করবেন, এখন সেটা বিলুপ্ত করছেন না, নতুন মোড়কে ফিরে আনছেন। আপনারা বলেছিলেন বিচার ব্যবস্থা স্বাধীন হবে, আপনারা সেটা স্বাধীন করছেন না। তেল, গ্যাস, বিদ্যুৎ সবগুলো জায়গায় বিরোধীদল থেকে প্রস্তাবনা দেওয়া সত্ত্বেও সরকারি দলের এমপি-রা, সরকারি দলের মন্ত্রী এবং তাদের পরিবার-পরিজন, তাদের সন্তানেরা দুর্নীতি এবং সিন্ডিকেটের সাথে জড়িয়ে এই জ্বালানি সংকট তৈরি করেছে, ফলে দেশে ভোগান্তি তৈরি হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, সংসদে যেহেতু আপনারা স্বৈরতন্ত্র কায়েম করেছেন এবং রাজপথে বিরোধীদলের নেতা-কর্মীদেরকে দমন, পীড়ন, নির্যাতন করা হচ্ছে— ফলে রাজপথের এই লংমার্চ কর্মসূচি ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো অপশন ছিল না। তিনি হুঁশিয়ারি দেন, আমরা ৬ মাস সময় দিয়েছি। যদি আরেকদিনও ১১ দলের নেতা-কর্মীর একজন ব্যক্তির গায়ে হাত তোলা হয়, সর্বাত্মকভাবে বিএনপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আঘাত দিলে পাল্টা আঘাত আসবে বলে তিনি উল্লেখ করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, জনগণকে সেই আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতায় এই কারণে বসায়নি যে তিনি দুর্নীতি করবেন, তার মন্ত্রী-এমপিরা দুর্নীতি করবেন আর বাংলাদেশের জনগণের ঘরে ঘরে গ্যাস, বিদ্যুৎ থাকবে না। ১১ দল থাকা অবস্থায় এটা সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...