রাজনীতি‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনীতে অনুপস্থিতি নিয়ে জামায়াতের ব্যাখ্যা
‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনীতে অনুপস্থিতি নিয়ে জামায়াতের ব্যাখ্যা
‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলের অনুপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাব দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যথাযথ সম্মান না দেওয়ার কারণে বিরোধীদলীয় নেতা অনুষ্ঠানে যাননি।
‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলের অনুপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাব দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যথাযথ সম্মান না দেওয়ার কারণে বিরোধীদলীয় নেতা অনুষ্ঠানে যাননি। মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ব্যাখ্যা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সোমবার রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে বিরোধী দলের অনুপস্থিতি নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সরকারপ্রধান সংশয় প্রকাশ করেন যে, যাদের জীবন উৎসর্গের কারণে তারা জাতীয় সংসদে স্থান পেয়েছেন, তারা আদৌ জুলাই চেতনা ধারণ করেন কি না।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের মানুষ খেয়াল করছে যে, বিরোধী দল বিরোধিতা করার জন্য বিরোধিতা করে যাচ্ছে। তিনি বলেন, এই বিরোধিতা করতে গিয়ে যদি স্বৈরাচারকে আসার পথ উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে সেটি দেশের জন্য ভালো পরিণাম বয়ে আনবে না। এটি জুলাইয়ের শহীদদের সাথে এবং একাত্তরের মুক্তিযোদ্ধাদের সাথেও গাদ্দারি করা হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে গোলাম পরওয়ার বলেন, ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম উল্লেখ না করা অসম্মানজনক। তিনি জানান, প্রতিমন্ত্রীদের নাম আমন্ত্রণপত্রে উল্লেখ করা হলেও, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার অধিকারী বিরোধীদলীয় নেতার নাম ছিল না। এ কারণে তিনি অনুষ্ঠানে যাননি।
গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, প্রধানমন্ত্রী যে অসত্য ও হাস্যকর তথ্য তুলে ধরেছেন, তারা তার নিন্দা জানান। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে না—বিএনপির এমন অভিযোগ হাস্যকর। জামায়াতে ইসলামীই জুলাইকে ধারণ করে বলে তিনি দাবি করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার জুলাইকে ধারণ না করায় তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না। তিনি অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে সাংবিধানিক পদ, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের লোকদের বসাচ্ছে। গোলাম পরওয়ার আরও বলেন, তারা যদি সরকারের দুর্নীতি ও দলীয়করণ নিয়ে কথা বলেন, তখন তাদের নাকি রাষ্ট্রের বিরোধিতা করার অভিযোগ দেওয়া হয়।
গোলাম পরওয়ার বলেন, সরকার এসব বলে একদলীয় কর্তৃত্ব কায়েম করার মাধ্যমে ফ্যাসিবাদকে ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ফেরার পথ করে দিচ্ছে। তিনি জানান, জামায়াতে ইসলামী ‘ফ্যাসিস্টদের’ ফিরে আসার সুযোগ করে দিচ্ছে না। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. আব্দুর রব ও মতিউর রহমান আকন্দও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
মতামত (0)