আন্তর্জাতিক

আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে আজ

আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে আজ
আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে আজ
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে দিনটি পালিত হচ্ছে।

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপী ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হচ্ছে। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা এবং নারীর কাজের স্বীকৃতির উদ্দেশ্যে দিনটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীর সাফল্য উদ্‌যাপনেও এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার বাণীতে বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তিনি বাংলাদেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে এই অঙ্গীকারকে গুরুত্ব দেন।

১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর এই দিনটি উদযাপিত হয়। প্রধান উপদেষ্টা এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ উল্লেখ করেন।

তিনি তার বাণীতে আরও বলেন, গত জুলাই-আগস্টে গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় ছাত্র-শ্রমিক-জনতা যে অভ্যুত্থান সংগঠিত করেছিল, তার সম্মুখসারিতে ছিল নারী। লাখ লাখ ছাত্রী বিভিন্ন ক্যাম্পাসে দমন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছেন।

একাধিক নারী এই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণ করেছেন বলে প্রধান উপদেষ্টা জানান। তিনি এই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাই যোদ্ধাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশের মেয়েরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বমহিমায় এগিয়ে যাচ্ছেন। নারীর অর্জনকে স্বীকৃতি দিতে ‘অদম্য নারী পুরস্কার’ ও ‘বেগম রোকেয়া পদক’ প্রদানসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সরকারি ও বেসরকারি নানা অনুষ্ঠান ও সভা-সেমিনারের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...