প্রযুক্তিবেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
বেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ১১টি পদে ২৬ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিকভাবে ১১টি পদে ২৬ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বেসিস নির্বাচন বোর্ড।
প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী, সভাপতি পদে চারজন প্রার্থী রয়েছেন। তারা হলেন রাফায়েল কবীর, মোস্তফা রফিকুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান এবং এ কে এম আশরাফ উদ্দিন। সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন সাইফুল ইসলাম সিদ্দিক, নূর মাহমুদ খান ও আনিসুল হক ভূঁইয়া।
সহসভাপতি (অ্যাডমিন) পদে রিয়াদ হাসনাইন ও মো. মুসনাদ এ আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি (ফাইন্যান্স) পদে প্রার্থী হয়েছেন তানিয়া সুলতানা, তৌফিকুল করিম এবং তানজিল আবেদিন।
পরিচালক (সাধারণ) পদে দশজন প্রার্থী রয়েছেন। তারা হলেন মো. জুয়েল, সুমন মোহাম্মদ তারেক, আপেল মাহমুদ খান, মো. আবদুর রাজ্জাক, দেলোয়ার আলম, আরেফিন রাফি আহমেদ, আবদুল্লাহ আল মামুন, ফেরদৌস আলম, মো. রাশেদুল ইসলাম ও মো. ফুয়াদ হাসান। পরিচালক (সহযোগী) পদে প্রার্থী হয়েছেন সৈয়দ শফিকুল আলম, মো. জুবায়ের এবং আহমেদ আরমান সিদ্দিকী। পরিচালক (অ্যাফিলিয়েট) পদে সুমাইয়া ইসলাম একমাত্র প্রার্থী।
নির্বাচন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপত্তি ও আপিল নিষ্পত্তির পর আগামী ২ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৫ সেপ্টেম্বর।
বেসিসের নির্বাচন আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সভাপতি প্রার্থী মোস্তফা রফিকুল ইসলাম বলেন, তারা বেসিসকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। তিনি একটি সুস্থ, সুন্দর ও সুষ্ঠু নির্বাচনকে তাদের প্রধান দাবি হিসেবে উল্লেখ করেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি অতীতের বিতর্ক এড়িয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান।
সভাপতি প্রার্থী রাফেল কবির একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছেন। তিনি বলেন, যে নির্বাচনে সদস্যরা উপস্থিত হয়ে ভোট দিতে পারবেন। তিনি আরও বলেন, বেসিস একটি খালের কিনারে পড়েছে, সেখান থেকে এটিকে তুলে আনতে হবে। তার মতে, ৫ আগস্টের পর দেশ যেভাবে স্বাধীন হয়েছে, বেসিসকেও সেভাবে মুক্ত করতে হবে।
সভাপতি প্রার্থী ইকবাল আহমেদ ফখরুল হাসান বলেন, বেসিস নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হওয়া উচিত। তার বিশ্বাস, একটি গ্রহণযোগ্য নির্বাচনই শক্তিশালী ও ঐক্যবদ্ধ বেসিস গঠনের ভিত্তি।
বেসিসের একাধিক সদস্য একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছেন। তারা উল্লেখ করেন যে কিছু সদস্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচন বন্ধ করার পাঁয়তারা করছেন। তারা নির্বাচন সুষ্ঠু করে তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়ার অনুরোধ জানান।
বেসিস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব প্রভাংশু শোম মহান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন।
মতামত (0)