প্রযুক্তি

বেসিস নির্বাচনের তফসিল বাতিল, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

বেসিস নির্বাচনের তফসিল বাতিল, সহায়ক কমিটি গঠনের নির্দেশ
বেসিস নির্বাচনের তফসিল বাতিল, সহায়ক কমিটি গঠনের নির্দেশ
বাণিজ্য মন্ত্রণালয় বেসিস নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করেছে এবং একটি সহায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণ ও সদস্য তালিকা হালনাগাদের প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এই তফসিল বাতিল করে একটি সহায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এতে গত ৩০ জুন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর বেসিস নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানিয়ে একটি চিঠি জারি করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত নির্দেশনাটি বেসিসের প্রশাসক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বেসিসের আসন্ন নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার জন্য নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণ এবং সদস্য তালিকা যথাযথভাবে যাচাই ও হালনাগাদ করা জরুরি। মন্ত্রণালয় বেসিসের সদস্যদের সমন্বয়ে ৭ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করে অবিলম্বে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করারও নির্দেশ দিয়েছে।

এর আগে গত ২৭ জুন বেসিসের ২০২৬–২০২৮ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে হয়নি। পরবর্তীতে সংগঠনটি নির্বাচনের পুনঃ তফসিল ও আচরণবিধি ঘোষণা করে। সর্বশেষ বাতিল হওয়া তফসিল অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে প্রাথমিকভাবে ১১টি পদে ২৬ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গত ২৯ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকাও প্রকাশ করা হয়েছিল।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...