শিক্ষা

ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
ময়মনসিংহে দুই ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসক ডা: আশিকুর রহমান ও ডা: আব্দুল হান্নানের ক্লিনিকে হামলার ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভেটেরিনারি ছাত্র সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এই মানববন্ধনের আয়োজন করে। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভেটেরিনারি চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়।

আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা।

মানববন্ধনে ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, ‘একজন প্রাণিচিকিৎসকের ওপর যেভাবে অতর্কিত হামলা করা হয়েছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানাই।’ তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান। ভবিষ্যতে যেন কোনো ভেটেরিনারি চিকিৎসক এমন হামলার শিকার না হন, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক এবং ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান মানববন্ধনে বক্তব্য দেন। তিনি বলেন, ‘সম্প্রতি ময়মনসিংহে দুইজন ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক।’ তিনি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে, তবে আরও একজনকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। দ্রুত তাকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘ভেটেরিনারি পেশা কোনো ব্যক্তির ব্যক্তিগত পেশা নয়; এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পেশা হিসেবে সারা পৃথিবীতে পরিচালিত হচ্ছে।’ তিনি উল্লেখ করেন, ভেটেরিনারিয়ানদের অক্লান্ত পরিশ্রম ও গবেষণার ফলেই আমিষ ও প্রোটিনজাতীয় খাদ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয়। তিনি এই হামলাকে ‘বর্বরতম ঘটনা’ হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, ‘একটি লাইভ ভিডিওর মাধ্যমে পুরো পৃথিবী এই বর্বরতম দৃশ্য দেখেছে।’

অধ্যাপক মাহবুবুর রহমান এ ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা ঘটানোর আগে অপরাধীরা একবার চিন্তা করে যে ভেটেরিনারিয়ানরা দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ভেট এক্সিকিউটিভ, রাজশাহী শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...