আন্তর্জাতিকবিধায়কের মেয়ের বিরুদ্ধে পুলিশকে চড় মারার অভিযোগ, ভিডিও ভাইরাল
বিধায়কের মেয়ের বিরুদ্ধে পুলিশকে চড় মারার অভিযোগ, ভিডিও ভাইরাল
ভারতের কর্নাটকে এক বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে দায়িত্ব পালনরত নারী পুলিশ কর্মকর্তাকে চড় মারার অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভারতের কর্নাটক রাজ্যের মান্ডিয়া জেলায় দায়িত্ব পালনরত একজন নারী পুলিশ কর্মকর্তাকে চড় মারার অভিযোগ উঠেছে এক বিধায়কের মেয়ের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
গত ১২ আগস্ট শ্রীরঙ্গপত্তনার আরতি উক্কাড়া মন্দিরে ভীম অমাবস্যা উৎসব চলছিল। সেসময় মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা নিয়ে বিজেপি বিধায়ক বি. সুরেশ গৌড়ার মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে কর্তব্যরত পুলিশ সাব-ইন্সপেক্টর সবিতা বি. পাটিলের কথা-কাটাকাটি শুরু হয়।
অভিযোগ উঠেছে, ঐশ্বরিয়া দ্রুত গর্ভগৃহে প্রবেশ করতে চাইলে পুলিশ কর্মকর্তা তাকে বাধা দেন। একপর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি তীব্র আকার ধারণ করে। পরে ঐশ্বরিয়া ওই পুলিশ কর্মকর্তাকে চড় মারেন বলে অভিযোগ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পাল্টা পুলিশ কর্মকর্তাকেও হাত তুলতে দেখা যায়। তবে এই ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার পর সাব-ইন্সপেক্টর সবিতা বি. পাটিল কায়াথানাহাল্লি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে সরকারি দায়িত্ব পালনে বাধা, গালিগালাজ এবং শারীরিকভাবে হেনস্তার কথা উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি সামনে আসার পর নিজের মেয়ের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বিজেপি বিধায়ক বি. সুরেশ গৌড়া। তবে তিনি দাবি করেছেন, ঘটনার আগে ওই নারী পুলিশ কর্মকর্তা তার মেয়েকে গালিগালাজ করেছিলেন।
এদিকে বিধায়কের মেয়ের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ দায়েরের চেষ্টা করা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে সেই অভিযোগ পুলিশ গ্রহণ করেনি বলেও এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে একজন জনপ্রতিনিধির পরিবারের সদস্যের এমন আচরণ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। ঘটনাটি নিয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।
মতামত (0)