বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আজ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। দলটির দায়িত্বশীল একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনই আলোচনার প্রধান বিষয় হতে পারে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।
দলীয় সূত্রগুলো আরও জানিয়েছে, চলতি আগস্ট মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বের। এই প্রেক্ষাপটে দলের পক্ষ থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি বিষয়। স্থায়ী কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে যে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে।
এর আগে গত ২৬ জুলাই বগুড়ায় এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে কথা বলেছিলেন। তিনি তখন জানান, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্দলীয় কাউকে প্রার্থী করা হবে, সেই সিদ্ধান্ত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে। মির্জা ফখরুল উল্লেখ করেন, এই সিদ্ধান্ত সংবিধান ও আইন অনুযায়ী গ্রহণ করা হবে।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা এখন পর্যন্ত সম্ভাব্য কোনো প্রার্থীর নাম নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে দলের অন্দরে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দলীয় নেতাদের ধারণা, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বিএনপির মহাসচিব হিসেবে তাঁর দায়িত্ব পালন, রাজনৈতিক সংকটের সময় দলকে ঐক্যবদ্ধ রাখা এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি তাঁকে এগিয়ে রেখেছে। এছাড়া, দলীয় গণ্ডির বাইরেও তাঁর গ্রহণযোগ্যতা সম্ভাব্য প্রার্থীদের তালিকায় তাঁকে শীর্ষ স্থানে রেখেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। একই সঙ্গে আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে। দলের ভেতরে ও বাইরের বিভিন্ন মহলে এই নেতাদের নিয়ে আলোচনা চলছে।


মতামত (0)