রাজনীতি

বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা ও সহিংসতা পরিহারের পরামর্শ সম্পাদকদের

বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা ও সহিংসতা পরিহারের পরামর্শ সম্পাদকদের
বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা ও সহিংসতা পরিহারের পরামর্শ সম্পাদকদের
বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকরা বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা ও সহিংসতা পরিহার করে রাজপথে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এই তথ্য নিশ্চিত করেছেন।

বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকরা বিরোধী দলকে রাজপথে সহিংসতা পরিহার করে গঠনমূলক সমালোচনা করার পরামর্শ দিয়েছেন। এক মতবিনিময় সভা শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই তথ্য জানান। সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের সরকারি বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের জানান, সম্পাদকেরা পরামর্শ দিয়েছেন যে বিরোধী দল যেন গঠনমূলকভাবে বিরোধিতা করে। প্রয়োজনে জনগণের দাবি নিয়ে রাজপথেও অবস্থান করে, তবে আগের বিরোধী দলগুলোর মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস পথে গিয়ে দেশকে অস্থির না করে। এ বিষয়ে কিছু সম্পাদক জামায়াতের আমিরের সহযোগিতা কামনা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সম্পাদক শফিক রেহমান, তাসমিমা হোসেন, মাহফুজ আনাম, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, এ এম এম বাহাউদ্দীন, সাজ্জাদ শরিফ, দেওয়ান হানিফ মাহমুদ, মুস্তাফিজ শফি, সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, শফিকুল আলম, মোস্তফা মামুন, মারুফ কামাল খান, মোস্তফা কামাল, সন্তোষ শর্মা, সৈয়দ শাহনেওয়াজ করিম, কামরুল হাসান, গিয়াস উদ্দিন এবং শহীদুল ইসলাম।

গোলাম পরওয়ার জানান, এই সভায় জামায়াতের আমির দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে বিরোধী দলের ভূমিকা তুলে ধরেছেন। তিনি গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে সৃষ্ট সংকট এবং এর উত্তরণে সংসদে ও রাজপথে বিরোধী দলের ভূমিকার বিষয়টিও স্পষ্ট করেছেন। জামায়াত যে একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে, সে বিষয়টিও সভায় উত্থাপন করা হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রথাগত বিরোধী দলের রাজনীতিতে থাকা বাজে সংস্কৃতির খারাপ ঐতিহ্য ভেঙে জামায়াত ভালো কাজে সরকারকে সহযোগিতা করার নীতিতে অটল আছে। একই সাথে জনস্বার্থবিরোধী কাজে প্রতিবাদ করার নীতিও তারা অনুসরণ করে। সম্পাদকদের এই বিষয়ে জানানো হলে তারা জামায়াতের এই নীতির প্রশংসা করেন।

সম্পাদকরা বিরোধী দলের সহযোগিতার ক্ষেত্রে সহযোগিতা এবং বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতার মাধ্যমে দেশকে স্থিতিশীল রাখতে বিরোধী দলের ভূমিকার প্রশংসা করেছেন বলেও গোলাম পরওয়ার জানান। তিনি বলেন, জামায়াতের আমির সভায় সম্পাদকদের বলেছেন যে, সব অন্যায় ও জনবিরোধী কাজে বিরোধী দল সব সময় প্রতিবাদ জারি রাখবে। তবে সেই বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক।

এছাড়া সভায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে সম্পাদকদের সঙ্গে জামায়াতের আমিরের প্রশ্নোত্তর ও মতবিনিময় হয়। গোলাম পরওয়ার জানান, জামায়াতের আমির উন্নয়ন কাজে বরাদ্দ, সংসদে কথা বলা, আইন প্রণয়ন এবং নানা নোটিশ গ্রহণের ক্ষেত্রে সরকারি দলের পক্ষ থেকে ইনসাফ না পাওয়ার বিষয়টি সভায় তুলে ধরেছেন। তিনি লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরার ক্ষেত্রে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, অতীতের বিরোধী দলগুলো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে দেশকে অস্থিতিশীল করেছে, সেই ইতিহাসও সম্পাদকেরা স্মরণ করেছেন। এ ক্ষেত্রে সরকারকেও দায়িত্বশীল হতে হবে বলে তারা মনে করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, যে সকল সম্পাদক সভায় উপস্থিত থাকতে পারেননি, তারা ফোন করে তাদের অনুপস্থিতির কারণ জানিয়েছেন। জামায়াত মনে করে না গণমাধ্যমের সঙ্গে তাদের কোনো দূরত্ব আছে।

তিনি আরও জানান, গণমাধ্যমের সাথে তাদের সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে এবং আজকের সম্পাদকদের সঙ্গে বৈঠক সেই প্রচেষ্টারই একটি অংশ। আরেক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের রায় কার্যকরের ক্ষেত্রে ১১–দলীয় ঐক্য তিল পরিমাণ ছাড় দেবে না। সংসদে এটি নিষ্পত্তি না হলে তারা রাজপথে থাকবেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...