বিনোদন

বিটিএস পেরুতে ১.৫ লাখ দর্শকের মন জয় করেছে

বিটিএস পেরুতে ১.৫ লাখ দর্শকের মন জয় করেছে
বিটিএস পেরুতে ১.৫ লাখ দর্শকের মন জয় করেছে
কে-পপ ব্যান্ড বিটিএস পেরুর লিমায় তিনটি কনসার্টে ১ লাখ ৫১ হাজার ৫০০ দর্শক টেনেছে, যা দেশটির প্রথম সফর। এর মাধ্যমে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রভাবের প্রত্যাশা করা হচ্ছে।

দক্ষিণ কোরীয় কে-পপ ব্যান্ড বিটিএস পেরুর রাজধানী লিমায় তিনটি কনসার্টের মাধ্যমে ১ লাখ ৫১ হাজার ৫০০ দর্শক টেনেছে। গত ৭, ৯ ও ১০ অক্টোবর লিমার এস্তাদিও সান মার্কোস স্টেডিয়ামে এই কনসার্টগুলো অনুষ্ঠিত হয়। ‘অ্যারিরাং’ ট্যুরের অংশ হিসেবে পেরুতে এটি ছিল দলটির প্রথম সফর।

শুরুতে লিমায় দুটি কনসার্টের পরিকল্পনা থাকলেও ভক্তদের ব্যাপক চাহিদার কারণে বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক তৃতীয় কনসার্টের আয়োজন করে। তিনটি কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে যায়। কনসার্টজুড়ে ভক্তরা প্রিয় দলের সঙ্গে গলা মিলিয়ে গান গেয়েছেন এবং উচ্ছ্বাস ও করতালিতে স্টেডিয়াম মুখর ছিল।

কনসার্টে বিটিএস সদস্যরা কয়েকবার স্প্যানিশ ভাষায় কথা বলেন। তাঁরা "লস আমোস" বলে ভক্তদের ভালোবাসা জানান, যার অর্থ "আমি তোমাদের ভালোবাসি"। দর্শকদের উচ্ছ্বাস দেখে সদস্যরা পেরুতে আরও আগে কেন আসেননি, সেই বিস্ময়ের কথাও প্রকাশ করেন।

আজ, ১৩ অক্টোবর, বিটিএস সদস্য জিমিনের জন্মদিন। লিমায় কনসার্টের সময় ভক্তরা তাঁকে ঘিরে বিশেষ আয়োজন করেন। কনসার্টে আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপনের ব্যবস্থা না থাকলেও শহরজুড়ে ছিল নানা উদ্যোগ।

জিমিনকে শুভেচ্ছা জানাতে ভক্তরা ডিজিটাল বিলবোর্ড, সড়কের ব্যানার ও এলইডি পর্দাসম্বলিত ট্রাকের আয়োজন করেন। একটি ড্রোন শোও অনুষ্ঠিত হয়, যেখানে রাতের আকাশে ড্রোনের আলোয় জিমিনের নাম, জন্মদিনের ছবি এবং "আমরা সব সময় তোমার পাশে থাকব" বার্তাটি ফুটে ওঠে। গত শনিবার লিমায় বিটিএসের শেষ কনসার্টে ভক্তরা জিমিনের বিদায়ী বক্তব্যের সময় তাঁর জন্য জন্মদিনের গান গেয়েছেন এবং তাঁর নাম ধরে স্লোগান দেন।

জিমিন বলেন, "তোমরা যেভাবে আমাদের স্বাগত জানিয়েছ এবং যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছ, তাতে আমি গভীরভাবে আপ্লুত।" তিনি আরও যোগ করেন, "পৃথিবীর অন্য প্রান্ত থেকে তোমরা যে এত ভালোবাসা পাঠিয়ে আসছ, তা আমি সব সময় মনে রাখব।"

বিটিএসের কনসার্ট ঘিরে লিমায় পর্যটন ও ব্যবসায়িক কর্মকাণ্ড বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। কনসার্টের আগে পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছিল যে, এই অনুষ্ঠান উপলক্ষে ৫০ হাজারের বেশি দর্শনার্থী রাজধানীতে আসতে পারেন।

এই দর্শনার্থীদের ঘিরে পর্যটন খাতে প্রায় ১ কোটি ৮৭ লাখ ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড হতে পারে। লিমা চেম্বার অব কমার্সের ধারণা, হোটেল, খাবার, পরিবহন, পর্যটন ও স্মারক পণ্য বিক্রিসহ বিভিন্ন খাতে ১৫ কোটি থেকে ২০ কোটি পেরুভিয়ান সলের (আনুমানিক ৪ কোটি ৩৫ লাখ থেকে ৫ কোটি ৮০ লাখ ডলার) অর্থনৈতিক কর্মকাণ্ড হতে পারে।

লিমা সফরের আগে বিটিএসের নেতা আরএম ভক্তদের হোটেলের বাইরে ভিড় না করতে অনুরোধ জানিয়েছিলেন। উইভার্সে দেওয়া ওই পোস্টে লাতিন আমেরিকার প্রসঙ্গ আসায় কিছু ভক্ত আপত্তি জানান। তাঁদের বক্তব্য ছিল, শিল্পীদের ব্যক্তিগত পরিসরে এমন হস্তক্ষেপ বিশ্বের অন্য অঞ্চলগুলোতেও ঘটে।

শুক্রবার ভক্তদের সঙ্গে কথা বলার সময় আরএম বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, তাঁর বক্তব্য শুধু পেরু বা লাতিন আমেরিকাকে নিয়ে ছিল না। আরএম আরও উল্লেখ করেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও এমন ঘটনা ঘটেছে এবং এশিয়াতেও এমনটা ঘটতে পারে।

আরএম জানান, দীর্ঘদিন ধরেই এমনটা হচ্ছে। তিনি সদস্যদের হোটেলকক্ষের ওপর ড্রোন ওড়ানো এবং তাঁদের দিকে লেজার আলো তাক করার মতো কিছু আচরণকে সীমা ছাড়ানো বলে উদাহরণ দেন।

আরএম স্বীকার করেন যে অনেক ভক্ত সদস্যদের ব্যক্তিগত পরিসরের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বিশ্বাস করেন যে সম্মানজনক আচরণ করেন এমন ভক্তের সংখ্যা অনধিকার চর্চা করা ভক্তদের চেয়ে বেশি এবং পেরুর ক্ষেত্রেও তাঁর এই বিশ্বাস প্রযোজ্য।

আরএম আরও বলেন, "আমরা কখনো মানুষকে জাতীয়তা বা মহাদেশের ভিত্তিতে আলাদা করেছি? আর্মি (বিটিএসের ভক্তদের নাম) এবং বিটিএসের পরিচয়ে আমরা সবাই একই মানুষ।" লিমা সফর শেষে বিটিএসের পরবর্তী গন্তব্য চিলির সান্তিয়াগো, যেখানে আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর দলটি কনসার্ট করবে। এরপর আর্জেন্টিনা ও ব্রাজিলের সাও পাওলোতে তাদের কনসার্ট করার কথা রয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...