গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে পশ্চিমবঙ্গের তারকা জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই তাঁদের সংসারে ভাঙনের গুঞ্জন শুরু হয়। গত বেশ কিছুদিন ধরেই রণজয় ও শ্যামৌপ্তির বৈবাহিক জীবনে টানাপোড়েন চলছে বলে শোনা যাচ্ছে।
তাঁরা নাকি বর্তমানে আলাদা থাকছেন, এমন খবর বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে রণজয় বা শ্যামৌপ্তি কেউই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে বিচ্ছেদ নিয়ে আলোচনার মধ্যেই অবশেষে নীরবতা ভাঙেন অভিনেতা রণজয় বিষ্ণু।
গতকাল বৃহস্পতিবার রণজয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। তিনি শুটিং সেট থেকেই এই ভিডিওটি শেয়ার করেন। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, "ভাবিনি কখনো এ বিষয় নিয়ে কথা বলতে হবে।"
রণজয় আরও বলেন, "যে কাদা–ছোড়াছুড়িটা হচ্ছে, এটা কাম্য নয়।" তিনি জানান, তাঁরা একে অন্যকে ভালোবেসে বিয়ে করেছেন। অভিনেতা ব্যক্তিগত জীবন নিয়ে এত কথা বলতে আগ্রহী নন বলেও উল্লেখ করেন।
এই মুহূর্তে তিনি মানসিকভাবে খুবই বিপর্যস্ত বলে জানান। রণজয় বলেন, একজন নারীকে নিয়ে কথা বলার আগে আমাদের একটু ভাবা উচিত। তিনি যোগ করেন, যে ধরনের কথা বলা হয়েছে, সেগুলো শ্যামৌপ্তিরও প্রাপ্য নয়।



মতামত (0)