জাতীয় সীরাত উদযাপন কমিটির আয়োজনে সীরাতুন্নবী সা. উপলক্ষে একটি সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয়, এটি একটি সংক্রামক ব্যাধি। তিনি উল্লেখ করেন, যার ভেতরে এটি প্রবেশ করে, সে-ই ফ্যাসিস্ট হয়ে ওঠে। তিনি আরও বলেন, ইসলাম শান্তি, ঐক্য ও সমন্বয়ের ধর্ম।
কুরআনের শাসন যখন যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, তখনই মানুষ শান্তি ও শৃঙ্খলা পেয়েছে বলে ডা. শফিকুর রহমান জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। তার বক্তব্যের মূল বিষয় ছিল ‘রাষ্ট্র সংস্কারে রাসূল সা. -এর নীতি ও আদর্শ’।
বিরোধীদলীয় নেতা 'জুলাই জাদুঘর'কে কেবলমাত্র পতিত সরকারের ডামি রূপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাস্তবে জাতির ওপর এর চেয়ে বহুগুণ বেশি জুলুম করা হয়েছে। একটি বিশেষ দেশকে খুশি করতে সেই জুলুমের অনেক তথ্য গায়েব করে দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি ও উপাদান গায়েব করে দেওয়া হয়েছে। সীমান্তে ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার সেই বর্বরোচিত ছবিও জুলাই জাদুঘর থেকে গায়েব করে দেওয়া হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনকে রিমান্ডের নামে অমানবিক পৈশাচিক যে নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনের ছবিও গায়েব করা হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, দেলাওয়ার হোসেনের ওপর চালানো অমানবিক পৈশাচিক নির্যাতনের প্রতিবাদ জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতায় যারাই আসে, তারা ইতিহাস বিকৃত করা হয়েছে বলে দাবি করলেও, প্রত্যেকেই ইতিহাস বিকৃত করেছে এবং করছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্ক করে বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবকে যেন কেউ ‘ফাইনাল যুদ্ধ’ বলে মনে না করে।
তিনি বলেন, চব্বিশের আন্দোলন ছিল শুধুই একটি ‘রিহার্সেল’। চব্বিশের জেগে ওঠা মুক্তিকামী মানুষ মরেনি, তারা এখনও সজাগ দৃষ্টিতে দেশের সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
প্রধান আলোচকের বক্তব্যে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন মহানবী সা. -এর নীতি ও আদর্শ জনগণের মাঝে পৌঁছানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আমাদের দেশের সবুজ পাসপোর্ট নিয়ে পৃথিবীর কোনো দেশে গেলে ইজ্জত পাওয়া যায় না।



মতামত (0)