শিক্ষা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইসিটি ও জাপানি ভাষা প্রশিক্ষণে ১২০০ শিক্ষার্থীর সুযোগ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইসিটি ও জাপানি ভাষা প্রশিক্ষণে ১২০০ শিক্ষার্থীর সুযোগ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইসিটি ও জাপানি ভাষা প্রশিক্ষণে ১২০০ শিক্ষার্থীর সুযোগ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও এসআইসিআইপি-এর চুক্তির আওতায় আইসিটি ও জাপানি ভাষা প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে, যেখানে ১২০০ শিক্ষার্থী অংশ নিতে পারবেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরি এবং গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) সঙ্গে এই চুক্তি সম্পাদিত হয়েছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের আইসিটি দক্ষতা এবং জাপানি ভাষা প্রশিক্ষণ কার্যক্রম চালু হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এসআইসিআইপি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, ২০২৬ সালের অক্টোবর মাস থেকে ২০২৮ সালের জুলাই মাস পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। মোট ১ হাজার ২০০ জন প্রশিক্ষণার্থী এই কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

প্রশিক্ষণার্থীদের মধ্যে রাজশাহীর কেন্দ্রে ৪৫০ জন এবং ঢাকার কেন্দ্রে ৭৫০ জন প্রশিক্ষণ গ্রহণ করবেন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। ক্লাউড কম্পিউটিং, ডেটা ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং এবং নেটওয়ার্ক প্রশাসন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

পাশাপাশি জাপানে কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনা করে জাপানি ভাষা শেখানোর ব্যবস্থাও রাখা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন সনদ অর্জনের সুযোগ পাবেন। এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশে সহায়তা করা হবে।

নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি জাপানসহ আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসআইসিআইপির পক্ষে অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন উপস্থিত ছিলেন। যুগ্ম সচিব ও উপনির্বাহী প্রোগ্রাম পরিচালক মাইনুল হাসান, উপসচিব ও সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক মো. মতিউর রহমান এবং উপসচিব ও সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক মৌরীন করিমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা উপস্থিত ছিলেন।

এছাড়াও নির্বাহী পরিচালক মো. শামিম আহসান পারভেজ, পাবলিক হেলথ প্রোগ্রামের ভিজিটিং অধ্যাপক মো. মুনসুর আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মো. খালেদ বিন ইউসুফ (অব.) অনুষ্ঠানটি পরিচালনা করেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, রাজশাহীসহ উত্তরাঞ্চলের আইসিটি গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়নের সুযোগ তুলনামূলকভাবে সীমিত। তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে উত্তরাঞ্চলের গ্র্যাজুয়েটরা নিজ এলাকায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তাঁদের সম্ভাবনাময় ও চাহিদাসম্পন্ন খাতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না। কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করতে হবে। তিনি আরও বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের মাধ্যমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের গ্র্যাজুয়েটরা আন্তর্জাতিক মানের আইসিটি দক্ষতা ও জাপানি ভাষায় প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশের কর্মসংস্থানের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...