ইউক্রেনের প্রিপিয়াত শহরের অধিকাংশ মানুষ সেদিন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আধুনিক ও পরিকল্পিত এই শহরটি তখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, যেখানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত হাজারো মানুষের বাস ছিল। শহরের অদূরে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অবশ্য সে রাতেও কাজ চলছিল, ৪ নম্বর রিঅ্যাক্টরে একটি পরীক্ষা পরিচালনা করা হচ্ছিল। কেউ তখন কল্পনাও করতে পারেনি যে, কয়েক মিনিটের মধ্যে এক ভয়াবহ বিপর্যয় ঘটবে, যার তেজস্ক্রিয় প্রভাব শুধু একটি শহর বা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; তা বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়বে ইউরোপের বিভিন্ন অঞ্চলে।
১৯৮৬ সালের ২৬ এপ্রিলের সেই রাত পারমাণবিক শক্তির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভয়াবহ অধ্যায়গুলোর একটি হয়ে ওঠে। চেরনোবিল দুর্ঘটনায় রিঅ্যাক্টর ধ্বংস হয়ে যায়, বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়ে। পরবর্তী কয়েক দশক ধরে লাখো মানুষের জীবন এই দুর্ঘটনার কারণে বদলে যায়। জাতিসংঘের পারমাণবিক বিকিরণবিষয়ক বৈজ্ঞানিক কমিটির মূল্যায়নে, দুর্ঘটনার প্রথম কয়েক সপ্তাহের মধ্যে ৩০ জন শ্রমিকের মৃত্যু হয় এবং ১০০ জনেরও বেশি মানুষ বিকিরণজনিত আঘাত পান।
সেই রাতের ঘটনার সূত্রপাত হয়েছিল অনেক আগেই। তৎকালীন সোভিয়েত ইউক্রেনের প্রিপিয়াত শহরের কাছে অবস্থিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আরবিএমকে-১০০০ ধরনের রিঅ্যাক্টর ব্যবহার করা হতো। ৪ নম্বর ইউনিটটি ১৯৮৩ সালে চালু হয়েছিল। ১৯৮৬ সালের এপ্রিলের শেষ দিকে সেখানে একটি পরীক্ষা চালানোর পরিকল্পনা করা হয়।
এই পরীক্ষার উদ্দেশ্য ছিল, বাইরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে টারবাইন ঘোরার সময় তার জড়তা থেকে উৎপন্ন বিদ্যুৎ কিছু সময়ের জন্য জরুরি পাম্প ও অন্যান্য যন্ত্রপাতি চালাতে সক্ষম হবে কিনা, তা যাচাই করা। পরীক্ষাটি নিজে অস্বাভাবিক কিছু ছিল না। সমস্যা তৈরি হয় পরীক্ষা পরিচালনার পদ্ধতি এবং রিঅ্যাক্টরের কিছু নকশাগত দুর্বলতার কারণে। পরবর্তী তদন্তে দেখা যায়, এই দুর্ঘটনাকে কেবল অপারেটরদের ভুল বলে ব্যাখ্যা করা সঠিক নয়।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরবর্তী আইএনএসএজি–৭ বিশ্লেষণে রিঅ্যাক্টরের নকশাগত ত্রুটি উঠে আসে। উচ্চ পজিটিভ ভয়েড কোএফিশিয়েন্ট এবং কন্ট্রোল রডের নকশার সমস্যা দুর্ঘটনার গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত হয়। এর অর্থ হলো, নির্দিষ্ট পরিস্থিতিতে রিঅ্যাক্টরের ভেতরে বাষ্পের পরিমাণ বাড়লে শক্তি কমার বদলে আরও বাড়তে পারতো।
২৫ এপ্রিল রাতে পরীক্ষার প্রস্তুতি চলছিল। বিদ্যুৎ উৎপাদন ধীরে ধীরে কমিয়ে আনার কথা ছিল। কিন্তু বিদ্যুৎ গ্রিডের চাহিদার কারণে পরীক্ষাটি কিছু সময়ের জন্য স্থগিত হয়। এরপর অপারেটরদের একটি দল দীর্ঘক্ষণ অপেক্ষার পর পরীক্ষাটি চালানোর প্রস্তুতি নেয়।



মতামত (0)