শিক্ষাডাকসুর উদ্যোগে সেলফ ডিফেন্স, ফিটনেস ও ডায়েট সেমিনার অনুষ্ঠিত
ডাকসুর উদ্যোগে সেলফ ডিফেন্স, ফিটনেস ও ডায়েট সেমিনার অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত 'সেলফ ডিফেন্স, ফিটনেস অ্যান্ড ডায়েট' বিষয়ক সেমিনারে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। এতে আত্মরক্ষা কৌশল, ফিটনেস ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ‘সেলফ ডিফেন্স, ফিটনেস অ্যান্ড ডায়েট’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এই সেমিনার আয়োজিত হয়। এতে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেমিনারে শিক্ষার্থীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত ব্যায়াম নিয়ে আলোচনা করা হয়। সঠিক খাদ্যাভ্যাস ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও দেওয়া হয়। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বক্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন এবং তাদের উত্তর পান।
ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফিটনেস এক্সপার্ট ও জিম ট্রেইনার আবু সুফিয়ান তাজ ফিটনেস ও ডায়েট সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। সেলফ ডিফেন্স এক্সপার্ট ডেভিড আব্রাম আত্মরক্ষার বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেন।
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইংরেজি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমানাতুল ইফফাত ফারিশা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় ডাকসুর আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্রীড়া সম্পাদক তাজকিরুল ইসলাম এবং কবি জসীমউদ্দীন হলের ক্রীড়া সম্পাদক নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম ছাত্রীদের জন্য একটি জিমনেসিয়ামের কথা উল্লেখ করেন। তিনি জানান, প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই জিমনেসিয়ামটি শিগগিরই উদ্বোধন করা হবে। ভিপি কায়েম আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও খেলাধুলার অধিকার নিশ্চিত করতে ডাকসুর ক্রীড়া সম্পাদক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ডাকসুর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া ৬৬৬ জন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে খাদ্যতালিকা প্রস্তুতকারী নারী পুষ্টিবিদদের সম্মাননা স্মারক দেওয়া হয়। ডাকসুর পক্ষ থেকে ভিপি সাদিক কায়েম তাদের হাতে স্মারক তুলে দেন। এছাড়াও ফায়ার সার্ভিসের উদ্ধার প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থী এবং ছাত্রী হলগুলোতে আয়োজিত সাত দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং আত্মরক্ষার বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মতামত (0)