শিক্ষা

ডামের প্রাক্তন শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক পুনর্মিলনী অনুষ্ঠিত

ডামের প্রাক্তন শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক পুনর্মিলনী অনুষ্ঠিত
ডামের প্রাক্তন শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক পুনর্মিলনী অনুষ্ঠিত
ঢাকা আহ্ছানিয়া মিশনের ড্রপ ইন সেন্টার অ্যান্ড নাইট শেল্টার প্রকল্পের প্রাক্তন শিক্ষার্থীদের এক পুনর্মিলনী আজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরেন, যা বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।

ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম)-এর এডুকেশন অ্যান্ড টিভিইটি সেক্টরের ড্রপ ইন সেন্টার অ্যান্ড নাইট শেল্টার প্রকল্পের প্রাক্তন শিক্ষার্থীদের এক অনুপ্রেরণামূলক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬ তারিখে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ডামের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের জীবনের সংগ্রাম, সাফল্য এবং পরিবর্তনের গল্প তুলে ধরেন এবং বর্তমান শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডামের নির্বাহী পরিচালক কে এম জাহিদুজ্জামান। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, ডাম দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশু-কিশোরদের শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রাক্তন শিক্ষার্থীদের জীবনে আসা ইতিবাচক পরিবর্তনগুলোকেই তিনি এসব উদ্যোগের অন্যতম বড় সাফল্য হিসেবে তুলে ধরেন।

এরপর ডিআইসি অ্যান্ড নাইট শেল্টার প্রকল্পের কার্যক্রম এবং প্রাক্তন শিক্ষার্থীদের অর্জন নিয়ে একটি উপস্থাপনা করেন ডামের শিক্ষা সেক্টরের যুগ্ম-পরিচালক মো. মনিরুজ্জামান। তার উপস্থাপনায় প্রকল্পের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ পাওয়ার ফলে প্রাক্তন শিক্ষার্থীদের জীবনে যে সুদূরপ্রসারী পরিবর্তন এসেছে, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রাক্তন শিক্ষার্থীদের নিজস্ব বক্তব্য। তারা নিজেদের জীবনের নানা প্রতিকূলতা, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাছ থেকে পাওয়া শিক্ষা ও সহায়তার অভিজ্ঞতা তুলে ধরেন। বর্তমানে তারা কীভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, সেসব প্রচেষ্টা ও সংগ্রামের গল্পও তারা ভাগ করে নেন। তাদের বক্তব্যে সংগ্রাম থেকে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার নানা অনুপ্রেরণামূলক গল্প উঠে আসে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ডিআইজি হুমায়ুন কবির। তিনি পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ডামের কাজকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেন। তিনি বলেন, এই ক্ষেত্রে মাদক এবং জন্ম নিবন্ধন করণে সবচেয়ে বড় সমস্যা দেখা যায়। পরিচয়হীন পথশিশুদের জন্ম নিবন্ধনের জটিলতা নিরসনে তিনি সহায়তা করবেন বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডামের সহ-সভাপতি (কর্মসূচি) ড. এস এম খলিলুর রহমান, সহ-সভাপতি (অর্থ ও প্রশাসন) ডা. মোহাম্মদ খলিল উল্লাহ, সহ-সভাপতি (প্রতিষ্ঠান) অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমদ এবং হেল্পএইজ ইন্টারন্যাশনালের রিজিওন্যাল অ্যাডভাইজর জনাব বেভিল থাভারাসা।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ডামের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান তার অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের পুনর্মিলনী ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করবে। এই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, অতিথি, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...