ডেঙ্গু প্রতিরোধে ঢাকাসহ সারা দেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি। দেশের খ্যাতনামা চিকিৎসক ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তৈরি করা এই প্রচারপত্রের মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হবে। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও এবং টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান বারবার প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শনিবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। জেলা ও উপজেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহের বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে। এ ছাড়া গার্ল গাইডস, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতার কাজে সম্পৃক্ত করার প্রধানমন্ত্রীর আহ্বান নিয়েও আলোচনা করা হয়।



মতামত (0)