বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি সামাজিক কর্মসূচি পালিত হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান, ফলজ বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ওডোমস বিতরণের মাধ্যমে এই ব্যতিক্রমী কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রনেতারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক এই কর্মসূচির আয়োজন করেন। মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটে এটি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউটের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। এছাড়া সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. নুরুল ইসলাম, অধ্যাপক ড. রবিউল ইসলাম এবং অধ্যাপক ড. হাফিজ উদ্দিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও এতে অংশ নেন।
কর্মসূচির শুরুতে ইনস্টিটিউট প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এরপর অংশগ্রহণকারীরা ক্যাম্পাসে ফলজ বৃক্ষরোপণ করেন। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মশা প্রতিরোধে ব্যবহৃত ওডোমসও বিতরণ করা হয় এ সময়। প্রধান অতিথি অধ্যাপক ড. মাহবুবা সুলতানা তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, এটি সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ জায়গা। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা যখন সমাজের বাস্তব সমস্যা নিয়ে কাজ করে, তখন তারা কেবল নিজেদের নয়, পুরো সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।
অধ্যাপক ড. মাহবুবা সুলতানা আরও বলেন, বর্তমানে ডেঙ্গু দেশের অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। তিনি মনে করেন, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখার সংস্কৃতি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে এবং ছাত্রদল নেতা তারিকের এই উদ্যোগ সেই সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



মতামত (0)