রাজনীতিঢাকা-চট্টগ্রাম লংমার্চ: শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি জানালেন মিয়া গোলাম পরওয়ার
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি জানালেন মিয়া গোলাম পরওয়ার
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি শান্তিপূর্ণ কর্মসূচির জন্য দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
তিনি কর্মসূচির বিস্তারিত তুলে ধরে বলেন, লংমার্চ সফল করতে বিভিন্ন বাস্তবায়ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে। অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, স্বেচ্ছাসেবক, সংস্কৃতি এবং প্রশাসনিক যোগাযোগসহ বিভিন্ন বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রস্তুতি ব্যাপক আকার ধারণ করেছে এবং জনগণের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ দেখা যাচ্ছে।
লংমার্চটি ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চে হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতাকর্মী এবং সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। লংমার্চকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে ১১ দলীয় ঐক্য গত ২৪ আগস্ট সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে।
এ সময় সংশ্লিষ্ট রুট, পথসভা ও কর্মসূচির বিভিন্ন স্পট সম্পর্কে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। সাধারণ মানুষের চলাচলে যাতে কম বিঘ্ন ঘটে, সে বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কের একটি অংশ দিয়ে লংমার্চের বহর চলাচলের পরিকল্পনা রয়েছে, যাতে অন্য অংশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল অব্যাহত রাখা যায়।
তবে এত বড় কর্মসূচির কারণে কোথাও সাময়িক ভোগান্তি সৃষ্টি হতে পারে উল্লেখ করে তিনি দেশবাসীর নিকট অগ্রীম ক্ষমা চেয়েছেন। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এটি একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি। কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে দেশবাসী এই লংমার্চ কর্মসূচি সফল করে তুলবে।
তিনি প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মতামত (0)