আন্তর্জাতিকঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা, সায়েদাবাদ প্রকল্পে অর্থায়ন
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা, সায়েদাবাদ প্রকল্পে অর্থায়ন
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা অর্থায়ন করবে।
মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে। তিনি জানান, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন সহায়তার ক্ষেত্রে ডেনমার্ক বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে। ডেনমার্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও।
বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টেন ব্রিক্স মোলারের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বৈঠকে নতুন দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় সরকার মন্ত্রীকে অভিনন্দন জানান এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়েও কথা হয়। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩) নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই প্রকল্পটিতে ডেনমার্ক সরকার মোট সাড়ে ৪ হাজার কোটি টাকা অর্থায়ন করবে। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা স্বল্পসুদে ঋণ সহায়তা হিসেবে প্রদান করা হবে।
বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরে ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদার চাপ অনেকাংশে কমানো সম্ভব হবে। ডেনমার্কের এই অর্থায়নের ফলে প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থের ওপর চাপ কমবে।
তিনি আরও বলেন, এর মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রাজধানীর মানুষের জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত (0)