শিক্ষা

এআইইউবির শিক্ষার্থীদের ব্যাটারিচালিত রিকশার বিকল্প উদ্ভাবনী গবেষণা

এআইইউবির শিক্ষার্থীদের ব্যাটারিচালিত রিকশার বিকল্প উদ্ভাবনী গবেষণা
এআইইউবির শিক্ষার্থীদের ব্যাটারিচালিত রিকশার বিকল্প উদ্ভাবনী গবেষণা
এআইইউবির শিক্ষার্থীরা পরিবেশবান্ধব, জ্বালানিসাশ্রয়ী ও নিরাপদ যানবাহনের বিকল্প খুঁজতে বৈদ্যুতিক যান (ইভি) ও প্লাগ-ইন হাইব্রিড বৈদ্যুতিক যান (পিএইচইভি) নিয়ে গবেষণা করেছেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীরা দেশের প্রচলিত তিন চাকার ব্যাটারিচালিত রিকশার বিকল্প নিয়ে গবেষণা করেছেন। তারা পরিবেশবান্ধব, জ্বালানিসাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যানবাহনের ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখেছেন। এই গবেষণায় বৈদ্যুতিক যান (ইভি) ও প্লাগ-ইন হাইব্রিড বৈদ্যুতিক যান (পিএইচইভি) নিয়ে কাজ করা হয়েছে।

গবেষণায় পরিবেশ সুরক্ষা, জ্বালানি সাশ্রয়, কার্বন নিঃসরণ কমানো, নিরাপদ চলাচল এবং টেকসই নগর পরিবহন ব্যবস্থার বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে। এই গবেষণার বিভিন্ন দিক তুলে ধরা হয় এআইইউবির আয়োজনে ‘ফ্রম রিসার্চ টু রিয়েলিটি: হাউ উই বিল্ট দ্য ইভি/পিএইচইভি ফিজিবিলিটি প্রজেক্ট’ শীর্ষক গবেষণা ও উদ্ভাবনী অনুষ্ঠানে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং শিল্প খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এআইইউবির বাণিজ্য গবেষণাকেন্দ্রের পরিচালক ও চিফ ইনভেস্টিগেটর অধ্যাপক মুস্তাফা হাসান অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন। এআইইউবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও উপদেষ্টা এবং নর্দান ইউনিভার্সিটির সাবেক উপাচার্য আনোয়ার হোসেন প্রধান বক্তা ও সভাপতির দায়িত্ব পালন করেন।

থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ তাজুল ইসলাম রুমেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির পরিচালক–আন্তর্জাতিক সম্পর্ক ও ব্যবসায়িক উন্নয়ন রন্টি চৌধুরী এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মাদ আল–আমরান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও এআইইউবির হেড অব এমআইএস ডিপার্টমেন্ট মো. মেজবাউল হক নাহিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন।

বক্তারা বলেন, কোনো প্রযুক্তি বা বড় প্রকল্প বাস্তবায়নের আগে যথাযথ গবেষণা ও সম্ভাব্যতা সমীক্ষা করা জরুরি। এতে প্রকল্পের প্রযুক্তিগত সক্ষমতা, অর্থনৈতিক বাস্তবতা, পরিবেশগত প্রভাব, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি কার্যকারিতা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়। তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোয় পরিচালিত গবেষণাকে বাস্তব সমস্যার সমাধানের সঙ্গে যুক্ত করতে পারলে এর সুফল সরাসরি দেশ ও মানুষের কাজে লাগানো সম্ভব।

গবেষকেরা বাংলাদেশের নগর বাস্তবতায় ইভি ও পিএইচইভি ব্যবস্থার সম্ভাবনার ওপর গুরুত্ব দেন। তারা চার্জিং অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ, ব্যাটারি ব্যবস্থাপনা, নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশের প্রাপ্যতা ও অর্থনৈতিক সম্ভাব্যতার বিষয়গুলো বিবেচনায় নেওয়ার কথা বলেন।

প্রধান অতিথি শাহ তাজুল ইসলাম রুমেল তার বক্তব্যে বলেন, কোনো ধারণা বাস্তবে প্রয়োগের আগে এর প্রযুক্তিগত, অর্থনৈতিক ও ব্যবহারিক দিক যাচাই করা প্রয়োজন। তিনি বলেন, গবেষণা ও সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে একটি প্রকল্পের বাস্তব সম্ভাবনা নির্ধারণ করা যায় এবং গবেষণা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার মাধ্যমে যেকোনো সমস্যা মোকাবিলা ও সমাধান করা যায়। তিনি তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনী কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি রন্টি চৌধুরী তার বক্তব্যে বলেন, গবেষণার ফলাফলকে বাস্তব প্রয়োগে নিতে হলে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারত্ব প্রয়োজন। তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার সঙ্গে শিল্প খাতের প্রযুক্তি, বিনিয়োগ, উৎপাদন ও বাজার অভিজ্ঞতা যুক্ত হলে বাস্তবমুখী প্রকল্প তৈরি করা সম্ভব।

অনুষ্ঠানে এআইইউবি এফবিএ স্টুডেন্ট রিসার্চ গ্রুপের গবেষণা কার্যক্রম এবং বাংলাদেশে ইভি/পিএইচইভি উৎপাদন কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়। গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে অবদান রাখা সংশ্লিষ্ট প্রধান অতিথিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের যৌথ উদ্যোগে গবেষণা ও সম্ভাব্যতা সমীক্ষার ধারাবাহিকতা বজায় থাকলে দেশের পরিবহনসহ বিভিন্ন খাতে নিরাপদ, পরিবেশবান্ধব, জ্বালানিসাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর নতুন সমাধান তৈরি হবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...