শিক্ষাএকাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল গতকাল প্রকাশ করা হয়েছে। ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। আগামীকালের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে এবং ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখতে পাচ্ছেন। একইসঙ্গে আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে।
প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। ফলে ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ২০৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী রয়েছেন। এছাড়া, ৪১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি। ১১টি প্রতিষ্ঠানে খুবই কম সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। ভর্তি নিশ্চায়নের জন্য বোর্ডকে মোট ৩৪০ টাকা ফি পরিশোধ করতে হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ফি ১০০ টাকা।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে।
প্রাথমিকভাবে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী ও অভিভাবকদের পরিবর্তিত তারিখ জানাতে বলা হয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছিল। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এ কারণে এবার কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি এবং অনলাইন আবেদনের ফি ২২০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারতেন। গত ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদনকারীদের পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৭ শতাংশ কোটা হিসেবে সংরক্ষিত থাকবে এবং বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) ইস্যু বা শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। অনুমোদনহীন শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা এমপিওভুক্তি বাতিল হতে পারে।
মতামত (0)