শিক্ষাএসএসসি ও দাখিল ভোকেশনালের নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু
এসএসসি ও দাখিল ভোকেশনালের নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। বোর্ড গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানকে নির্ধারিত সময়সূচি মেনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে ডাটা এন্ট্রি কার্যক্রম ৩ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের ফি প্রদান ও রেজিস্ট্রেশন কার্যক্রমও ৩ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হবে। চূড়ান্ত তালিকা (হার্ডকপি) প্রিন্ট করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত।
শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোডের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে তিন সদস্যবিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। এই কমিটি ভর্তি ফরম ও সনদের সাথে এন্ট্রি করা তথ্য সঠিকভাবে যাচাই ও ভুল সংশোধন নিশ্চিত করার দায়িত্ব পালন করবে। রেজিস্ট্রেশন কার্যক্রমে কোনোভাবেই শিক্ষার্থীদের যুক্ত করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি, জেডিসি, জেএসসি (ভোকেশনাল) বা অষ্টম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীরা এই রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। সরকারি প্রতিষ্ঠানে প্রথম শিফটে ভর্তির জন্য শিক্ষার্থীদের ২০২০ বা পরবর্তী সময়ে উত্তীর্ণ হতে হবে। তবে সরকারি দ্বিতীয় শিফট ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাসের সন শিথিলযোগ্য রাখা হয়েছে।
শিক্ষার্থীদের বয়স ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ১২ বছর হতে হবে। বোর্ড আরও জানিয়েছে, অনুমোদিত প্রতিটি ট্রেডে আসন সংখ্যা হবে সর্বোচ্চ ৫০টি, যার মধ্যে ৪০টি মূল আসন এবং ১০টি ড্রপআউট আসন। প্রতিটি ট্রেডে সর্বনিম্ন ১২ জন শিক্ষার্থী ভর্তি হতে হবে।
আন্তঃশিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ফলাফলের সার্ভার বন্ধ থাকায় শিক্ষার্থীদের জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি পাসের সনদ ও অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করতে বলা হয়েছে। আগামী ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বকেয়া অ্যাফিলিয়েশন ফি পরিশোধিত প্রতিষ্ঠানগুলোই কেবল বোর্ডের ই-সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। তথ্য এন্ট্রিতে কোনো ভুল হলে বা নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন ব্যর্থ হলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
মতামত (0)