শিক্ষা

গবেষণায় অবদানের স্বীকৃতি, শাবিপ্রবির ৪ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড

গবেষণায় অবদানের স্বীকৃতি, শাবিপ্রবির ৪ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড
গবেষণায় অবদানের স্বীকৃতি, শাবিপ্রবির ৪ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক গবেষণা উৎকর্ষতার জন্য ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেয়েছেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহিদুর রহমান ‘রিসার্চার অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার লাভ করেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চার শিক্ষক গবেষণা উৎকর্ষতায় ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পেয়েছেন। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। একইসঙ্গে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিক গবেষণা উৎকর্ষতার জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহিদুর রহমান ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চার অব দ্য ইয়ার-২০২৬’ লাভ করেছেন।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ২৩২ নম্বর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত চার শিক্ষক হলেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়েশা ফেরদৌস মিতা, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের জাহিদ হাসান শৌরভ ও ড. মো: জহুরুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. নাসিমা বেগম।

সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ক্যাটাগরিতে আয়েশা ফেরদৌস মিতা পুরস্কার পেয়েছেন। তার গবেষণাটি ‘ক্লিনার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ জার্নালে প্রকাশিত হয়েছে। এই জার্নালটি কিউ-১ শ্রেণিভুক্ত এবং এর ইমপ্যাক্ট ফ্যাক্টর ৭.৩।

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি ক্যাটাগরিতে জাহিদ হাসান শৌরভ ও ড. মো: জহুরুল ইসলাম পুরস্কার লাভ করেছেন। তাদের গবেষণা ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস’-এ প্রকাশিত হয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে ড. নাসিমা বেগমকে সম্মানিত করা হয়েছে। তার গবেষণা ‘রেজাল্টস ইন ইঞ্জিনিয়ারিং’ জার্নালে প্রকাশিত হয়েছে, যার ইমপ্যাক্ট ফ্যাক্টর ৯.৪ এবং এটি কিউ-১ শ্রেণিভুক্ত।

‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চার অব দ্য ইয়ার-২০২৬’ পাওয়া অধ্যাপক ড. শাহিদুর রহমানের সাতটি জার্নাল আর্টিকেল, ৩৯টি কনফারেন্স পেপার এবং ১২০টি সাইটেশন রয়েছে। পুরস্কারের মূল্যায়নে জার্নাল আর্টিকেল, কিউ-ইনডেক্স, কনফারেন্স পেপার, গুগল স্কলারে সাইটেশন, পিএইচডি, এমএসসি ও বিএসসি পর্যায়ের গবেষণা তত্ত্বাবধান বিবেচনা করা হয়। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা অনুদান এবং জাতীয় স্বার্থে গবেষণায় অবদানকে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান সভাপতিত্ব করেন। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক এবং শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. রবিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতীয় উন্নয়নে গবেষণার ভূমিকা আরো জোরদারের পাশাপাশি গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন। তরুণ গবেষকদের জ্ঞান ভাগাভাগির জন্য নিয়মিত সেমিনারের আয়োজন এবং আন্ডারগ্র্যাজুয়েট পর্যায় থেকেই শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

প্রো-ভিসি অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, শুধু গবেষণাপত্র প্রকাশ করলেই গবেষণার কাজ শেষ হয় না। গবেষণার ফলাফল বাস্তবে কিভাবে কাজে লাগানো যায়, সেদিকেও গুরুত্ব দিতে হবে। তিনি গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিংয়ের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সফটওয়্যার, গবেষণাগার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে। এগুলো যথাযথভাবে ব্যবহারের জন্য বিদ্যমান সুবিধাগুলোকে নেটওয়ার্কের আওতায় এনে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ ব্যবহারের সুযোগ তৈরি করা প্রয়োজন। গবেষণার ফলাফল পেটেন্ট করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গবেষণা শুধু প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা থেকে পেটেন্ট বা বাস্তব উদ্ভাবন তৈরির দিকে যেতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ে পেটেন্টিং ও প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম আরো শক্তিশালী করা প্রয়োজন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...