রাজনীতিগ্যাস-বিদ্যুৎ সংকট: রাজপথে নয়, সংসদে বিকল্প প্রস্তাব চায় সরকার
গ্যাস-বিদ্যুৎ সংকট: রাজপথে নয়, সংসদে বিকল্প প্রস্তাব চায় সরকার
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিরোধী দলকে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বৈশ্বিক যুদ্ধ ও পূর্ববর্তী সরকারের ভুল পরিকল্পনাকে সংকটের কারণ হিসেবে উল্লেখ করেন।
বিরোধী দলকে গ্যাস ও বিদ্যুৎ–সংকট নিরসনে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে বিকল্প পরিকল্পনা ও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ–সংকট তৈরি হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, ‘আপনারা গ্যাস, বিদ্যুতের জন্য লংমার্চ করবেন, কর্মসূচি দেবেন— ঠিক আছে। কিন্তু আপনারা একটা অল্টারনেটিভ (বিকল্প উপায়) বলুন, আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব।’
তিনি বর্তমান সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে বিরোধী দলের একটি পরিকল্পনা দেওয়া উচিত বলে মন্তব্য করেন। রিজভী জানান, সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা এবং সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হলেও সংকট মোকাবিলায় পরামর্শ দেওয়াও প্রয়োজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘একটা পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা আমার মনে হয় ঠিক হবে না; বরং কীভাবে এই সংকট নিবারণ করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা দিতে হবে।’ তিনি আরও মন্তব্য করেন, অতীতের পরিস্থিতির পুনরাবৃত্তি হলে দেশ আরও অন্ধকারের দিকে যাবে।
গ্যাস ও বিদ্যুৎ–সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ এবং জ্বালানি সরবরাহব্যবস্থার সংকট রয়েছে। রিজভী উল্লেখ করেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে। এ সংকট সরকারের নিজস্ব কোনো কারণে হয়নি বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে রিজভী জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, আন্দোলনের সময় সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস তৈরি করেছিল। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সংস্কৃতিবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান, জাকির হোসেন রুকন প্রমুখ। পরে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।
মতামত (0)