সারাদেশগুলশানের উপকমিশনার ও ওসির প্রত্যাহার
গুলশানের উপকমিশনার ও ওসির প্রত্যাহার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদ এবং গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবারের ঝটিকা মিছিলের ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হলো।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী আজ বুধবার এই তথ্য নিশ্চিত করেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়েছে। আজ ডিএমপি সদর দপ্তরের এক আদেশে এই তথ্য জানানো হয়। ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী এই আদেশে সই করেছেন।
গুলশান থানার ওসি দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
গত শুক্রবার দুপুরে গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। এই ঘটনার পর দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো।
মিছিলের ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি হিসেবে ৮০ থেকে ১০০ জনকে রাখা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই মামলায় মোট ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।
মতামত (0)