আন্তর্জাতিক

হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, বাড়ছে উত্তেজনা

হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, বাড়ছে উত্তেজনা
হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, বাড়ছে উত্তেজনা
গত সপ্তাহে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ২৮ শতাংশ কমে ৭৭টিতে নেমে এসেছে। ইরান নিয়ন্ত্রিত নৌপথ ব্যবহারের প্রবণতা বাড়ায় যুক্তরাষ্ট্র সতর্ক করেছে এবং ইরান উপসাগরে অবরোধের হুমকি দিয়েছে।

বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে এক সপ্তাহে জাহাজ চলাচল ২৮ শতাংশ কমেছে। গত সপ্তাহে এই নৌপথ দিয়ে মোট ৭৭টি জাহাজ চলাচল করেছে। একই সময়ে ইরানের নিয়ন্ত্রিত নৌপথ ব্যবহারকারী জাহাজের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

জ্বালানি ও পণ্য পরিবহনবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে ৭৭টিতে দাঁড়িয়েছে। পণ্যবাহী জাহাজের সংখ্যা আগের ৪৫টি থেকে কমে গত সপ্তাহে ৩৩টিতে নেমে এসেছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথ এখন ইরানের নিয়ন্ত্রিত নেভিগেশন ব্যবস্থার দিকে বেশি কেন্দ্রীভূত হচ্ছে। কেপলারের তথ্যমতে, ৪ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে প্রণালিটি দিয়ে যাওয়া ২৮টি জাহাজের মধ্যে ২১টি প্রচলিত নৌপথের পরিবর্তে ইরানের একতরফাভাবে নির্ধারিত রুট ব্যবহার করেছে। এর মধ্যে শুধু ৬ সেপ্টেম্বরই ৮টি জাহাজের মধ্যে ৭টি ওই রুট ব্যবহার করে।

কেপলার জানিয়েছে, পণ্যবাহী জাহাজ চলাচল কমে যাওয়া এবং ইরানের নিয়ন্ত্রিত নৌপথের ওপর নির্ভরতা বাড়ার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে। উত্তেজনার কারণে সৃষ্ট নিরাপত্তাঝুঁকি এখন শুধু জাহাজগুলোর সতর্কতার মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যের ওপরও পড়তে শুরু করেছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, গত সপ্তাহের শেষ দিকে দেখা এই পরিস্থিতি সাময়িক নাকি ভবিষ্যতে নিয়মিত প্রবণতায় পরিণত হয়, সেটিই এখন দেখার বিষয়।

এদিকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত করার বিষয়ে ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানের নৌ চলাচল ব্যাহত করার কর্মকাণ্ড যেন স্বাভাবিক বা মেনে নেওয়ার মতো বিষয় হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করছে ওয়াশিংটন।

তিনি আরও বলেন, "বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার ইরানের প্রচেষ্টার বিরুদ্ধে আমরা দৃঢ় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখব।" মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, "হরমুজ প্রণালিতে ইরানকে নৌ চলাচল ব্যাহত করতে এবং বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখতে আমরা দেব না।"

অন্যদিকে, অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাবে হরমুজ প্রণালিকে ঘিরে উপসাগরজুড়ে অবরোধ আরোপের হুমকি দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছেন, তেহরান পুরো পারস্য উপসাগরজুড়ে একটি 'নিষিদ্ধ নৌ অঞ্চল' কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। এর ফলে হরমুজ প্রণালিকে ঘিরে পুরোপুরি অবরোধের পরিস্থিতি তৈরি হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ওয়াশিংটনের জন্য 'স্পষ্ট সতর্কবার্তা'। তিনি আরও বলেন, অর্থনৈতিক যুদ্ধের জবাব দেওয়া হবে পারস্য উপসাগরজুড়ে একটি নৌ-চলাচল নিষিদ্ধ অঞ্চল তৈরি করে, যা অবরোধের সীমানা পর্যন্ত বিস্তৃত হবে। রেজাই জানান, মার্কিন যুদ্ধজাহাজ ও ঘাঁটিগুলোর বিরুদ্ধে তাদের সামরিক প্রস্তুতির ধরন মৌলিকভাবে পরিবর্তন করা হয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...