আন্তর্জাতিকইয়েমেনের কারাগারে সৌদি হামলার অভিযোগ, নিহত ৭
ইয়েমেনের কারাগারে সৌদি হামলার অভিযোগ, নিহত ৭
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-হাজম শহরের একটি কারাগারে সৌদি বিমান হামলায় এক শিশুসহ ৭ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন বলে হুথিরা অভিযোগ করেছে। সৌদি আরব এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় শহর আল-হাজমের একটি কারাগারে বিমান হামলা চালানোর অভিযোগ করেছে হুথি বিদ্রোহীরা। এই হামলায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন বলে হুথিরা দাবি করেছে। হামলায় এক নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
হুথি-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি গতকাল সোমবার জানান, ইয়েমেনের সৌদি সীমান্তের কাছে আল-জাওফ প্রদেশের সেন্ট্রাল কারেক্টিভ ফ্যাসিলিটিতে এই হামলা চালানো হয়। হামলায় নিহত ও আহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন।
হামলার পর ধ্বংসস্তূপ ও উদ্ধার তৎপরতার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হুথি-নিয়ন্ত্রিত টেলিভিশন। প্রকাশিত ফুটেজে একটি ধসে পড়া ভবন এবং ধ্বংসস্তূপের মধ্যে মানুষের তল্লাশি দেখা গেছে।
তবে সৌদি আরব এই অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক মহলে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো আসেনি।
হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবকে আল-জাওফে "গণহত্যা চালানো", গোয়েন্দা ড্রোন ওড়ানো এবং ভাড়াটে সৈন্যদের অস্ত্র সরবরাহের জন্য অভিযুক্ত করেছেন। তিনি আরও বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসন শাস্তিহীন থাকবে না।
সারি দাবি করেছেন, হুথিরা গত ২৪ ঘণ্টায় চারটি সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে একটি সিএইচ-৪ ড্রোন আল-জাওফে "শত্রুতাপূর্ণ অভিযান" চালাচ্ছিল বলে তিনি জানান। গত ১২ ঘণ্টায় এটি দ্বিতীয় এবং গত ২৪ ঘণ্টায় চতুর্থ বিমান ভূপাতিত করার ঘটনা।
হুথি-নিয়ন্ত্রিত টেলিভিশন আরও একটি ফুটেজ প্রকাশ করেছে। তাদের দাবি অনুযায়ী, ইয়েমেনের হাদরামৌত প্রদেশের একটি সীমান্ত ক্রসিংয়ে সামরিক সরঞ্জাম বোঝাই সৌদি সরবরাহকারী ট্রাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এই হামলার পর ট্রাক থেকে ধোঁয়া ও আগুনের গোলা উঠতে দেখা যায়।
মতামত (0)