শিক্ষাইনোভেশন ফেয়ারে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন গাকৃবি
ইনোভেশন ফেয়ারে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন গাকৃবি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে। ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এই সম্মাননা গ্রহণ করেন।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রতিষ্ঠানটি। গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতায় অনন্য সাফল্যের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন। গাকৃবি’র ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এটি গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উদ্ভাবকরাও উপস্থিত ছিলেন।
ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমের এই সাফল্য অর্জিত হয়েছে। সংশ্লিষ্টরা এটিকে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দেখছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে প্রথমবারের মতো তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার আয়োজিত হয়। গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে এই মেলা অনুষ্ঠিত হয়। ‘Innovate to Market’ প্রতিপাদ্যে এটি আয়োজিত হয়েছিল।
মেলায় দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করে। এখানে প্রায় এক হাজারের বেশি উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপিত হয়।
গাকৃবি এই মেলায় তাদের উদ্ভাবিত ৯৭টি জাত ও ২০টির অধিক প্রযুক্তির মধ্য থেকে নির্বাচিত শীর্ষ ১২টি জাত ও প্রযুক্তি প্রদর্শন করে। এসব উদ্ভাবন কৃষি, গবেষণা ও খাদ্যনিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট ছিল।
এই উদ্ভাবনগুলোর বৈজ্ঞানিক গুরুত্ব, বাস্তব প্রয়োগযোগ্যতা, সৃজনশীলতা ও বাণিজ্যিক সম্ভাবনা বিচারকদের পাশাপাশি দর্শনার্থী, শিল্প উদ্যোক্তা ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনের সাথে তুলনামূলক মূল্যায়নে গাকৃবির প্রযুক্তিগুলোকে অধিক সম্ভাবনাময় ও জনকল্যাণমুখী হিসেবে বিবেচনা করা হয়।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাকৃবিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এই অর্জনে ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, এটি শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, গাকৃবির উদ্ভাবক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গবেষণাগার ও মাঠপর্যায়ের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফল। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনগুলো দেশের কৃষির আধুনিকায়ন, খাদ্যনিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, গবেষণালব্ধ প্রযুক্তিকে শিল্প ও বাজারের সাথে যুক্ত করার মাধ্যমে দেশীয় উদ্ভাবনকে মানুষের জীবন ও অর্থনীতির কাজে লাগানোই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। গাকৃবির গবেষণা ও উদ্ভাবন এই লক্ষ্য বাস্তবায়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান উন্নয়নের ধারাবাহিকতার মধ্যেই ইনোভেশন ফেয়ার-এ এই রাষ্ট্রীয় স্বীকৃতি পেল বিশ্ববিদ্যালয়টি।
মতামত (0)