সারাদেশইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: অভিযুক্তের পরিবার গ্রাম ছাড়ল
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: অভিযুক্তের পরিবার গ্রাম ছাড়ল
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মনিরুল হাওলাদারের পরিবার মাদারীপুরে তাদের বাড়ি তালাবদ্ধ করে গ্রাম ছেড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় মনিরুল হাওলাদার (২৪) নামের এক তরুণ জড়িত বলে জানা গেছে। সোমবার রাতে স্থানীয় একটি পার্কে ভাই ও তাঁর পরিবারের সঙ্গে থাকা অবস্থায় বাঁধনের ওপর এই হামলা ও হেনস্তার ঘটনা ঘটে। মনিরুলের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালানিকান্দি এলাকায়।
মনিরুল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধুরাইল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। চব্বিশের গণ-অভ্যুত্থানের পরে তিনি দেশ ছাড়েন এবং দেড় বছর আগে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান। তিনি মৃত শাজাহান হাওলাদারের ছেলে এবং বর্তমানে ইতালিপ্রবাসী।
হামলার ঘটনার পর আজ মঙ্গলবার সকাল থেকে মনিরুলের বাড়িতে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা যান। একপর্যায়ে তাঁর পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে বাড়ি ছেড়ে চলে যান। মনিরুলের প্রতিবেশী চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, "সকাল সকালই মনিরুলের বাড়িতে গোয়েন্দা বিভাগের লোকজন আসতে শুরু করে। পরে ভয় পেয়ে বাড়ির লোকজন সবাই পালিয়েছে।"
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিক জানান, ঘটনাটি জানার পর থেকে মনিরুলের বাড়িতে আজ সকাল থেকে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, "তাদের পরিবারের সঙ্গেও পুলিশ যোগাযোগ করেছে। যেহেতু ঘটনা দেশের বাইরে, তাই তাঁর বিরুদ্ধে ওই দেশের আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।"
ফারিহা রফিক নিশ্চিত করেন, মনিরুলের বাড়িতে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ যেন তাঁদের বাড়িঘরে হামলা করতে না পারেন, সে ব্যাপারে পুলিশ সতর্ক আছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয়েছে এবং তিনি সব ধরনের সহযোগিতা করছেন।
মনিরুলের সৎভাই ওবায়দুল হাওলাদার বলেন, "ঋণের বোঝা ওর মা ও ভাইয়ের মাথার ওপরে। টাকাপয়সা কামানো বাদ দিয়ে বিদেশে গিয়াও দল করা শুরু করেছে। বিদেশে বসে এদেশের মান-সম্মান সব শেষ করে দিয়েছে। ওর বিচার করুক, আমরা ওর সাথে নাই।" মনিরুলের বাড়ি দুটি ভাঙাচোরা টিনশেড ঘর, যেখানে তাঁর মা ও বড় ভাই থাকেন।
জেলা ছাত্রশক্তি সদস্যসচিব আরিয়ান সায়েম জানান, আজ সকালে ঢাকা থেকে জুলাইযোদ্ধা আয়ান মাদারীপুরে আসেন। পরে তাঁরা পুলিশ নিয়ে মনিরুলের গ্রামের বাড়িতে যান এবং দেখতে পান বাড়িতে তালা দেওয়া। তিনি বলেন, "আমরা আসার আগেই তাঁরা ঘর ছেড়ে চলে যান।"
আরিয়ান সায়েম আরও জানান, তাঁরা সেখানে আধা ঘণ্টা ছিলেন এবং কেউ মব করার চেষ্টাও করেনি। তিনি বলেন, "আমরা আসার পরে কেউ কিছু করেছে কিনা জানি না।"
ধুরাইল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার জানান, মনিরুল দেশে থাকতে ছাত্রলীগ করেছে এবং এখনো বিদেশে বসে ছাত্রলীগ করে বলে জানা গেছে। তিনি বলেন, "এভাবে ঘটনা ঘটানো ঠিক হয়নি।" চেয়ারম্যান আরও জানান, সকালে কিছু লোক এসেছিলেন এবং তাঁরা মনিরুলের বিচার দাবি করে চলে গেছেন।
ইউপি চেয়ারম্যান বলেন, তিনি বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছেন এবং সদর থানা পুলিশও বিষয়টিতে নজর রেখেছে। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে অবস্থান করছেন।
মতামত (0)