অর্থনীতি

ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন ও শিল্প অটোমেশন প্রশিক্ষণ কোর্স চালু

ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন ও শিল্প অটোমেশন প্রশিক্ষণ কোর্স চালু
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন ও শিল্প অটোমেশন প্রশিক্ষণ কোর্স চালু
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং 'মাস্টারিং পিএলসি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন' শীর্ষক প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের জন্য প্রস্তুত করবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের পাওয়ার অ্যান্ড এনার্জি ট্রেনিং একাডেমি (পিইটিএ)-এর উদ্যোগে একটি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার (পিএলসি) ল্যাব উদ্বোধন করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর ইউআইইউ ক্যাম্পাসে ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন উইথ স্কাডা অ্যান্ড এইচএমআই’ শীর্ষক একটি পিএলসি প্রশিক্ষণ কোর্সও চালু করা হয়।

এই প্রশিক্ষণ কোর্সটির প্রধান লক্ষ্য হলো ইউআইইউর গ্র্যাজুয়েটদের পিএলসি ও শিল্প অটোমেশন খাতে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য ব্যবহারিক ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা। এর মাধ্যমে শিক্ষার্থীরা চতুর্থ শিল্পবিপ্লবের ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। সম্মানিত অতিথি ছিলেন ইউআইইউর ইইই বিভাগের প্রফেসর ড. মো. ফয়াজ খান। ইইই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও আন্ডারগ্র্যাজুয়েট কো-অর্ডিনেটর ড. সাদিদ মুনীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক ও শিল্পমুখী দক্ষতা অর্জন করতে হবে। তিনি চতুর্থ শিল্পবিপ্লবের যুগে অটোমেশন, স্মার্ট প্রযুক্তি এবং আধুনিক শিল্পব্যবস্থার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন। নবপ্রতিষ্ঠিত পিএলসি ল্যাব ও প্রশিক্ষণ কোর্সটি শিক্ষার্থীদের পিএলসি ও শিল্প অটোমেশন বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি প্রফেসর ড. মো. ফয়াজ খান পিএলসি ও শিল্প অটোমেশন বিষয়ে দক্ষ পেশাজীবীদের ক্রমবর্ধমান চাহিদার কথা তুলে ধরেন। তিনি বলেন, শিল্পমুখী প্রশিক্ষণের মাধ্যমে একাডেমিক জ্ঞান ও বাস্তব কর্মক্ষেত্রের প্রয়োজনীয়তার মধ্যে বিদ্যমান ব্যবধান কমানো সম্ভব। পিএলসি ল্যাব ও কোর্সটির মাধ্যমে গ্র্যাজুয়েটরা ইন্ডাস্ট্রিতে আরও কার্যকরভাবে অবদান রাখার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।

অনুষ্ঠানে ইউআইইউর ইইই বিভাগের প্রফেসর ড. সিদ্দিক মো. লুৎফুল কবির এবং প্রফেসর ড. রকিবুল মোস্তফা উপস্থিত ছিলেন। এছাড়া ইউআইইউর বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিল্পখাতের বিশেষজ্ঞ, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরাও অনুষ্ঠানে যোগ দেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...