প্রযুক্তি

ইউএপিতে আইসিপিসি-জেআরসি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

ইউএপিতে আইসিপিসি-জেআরসি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
ইউএপিতে আইসিপিসি-জেআরসি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
ইউএপিতে প্রয়াত জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর নামে আইসিপিসি-জেআরসি আন্তকলেজ ও আন্তইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ আয়োজিত হয়েছে, যেখানে ২৭০ জন প্রতিযোগী অংশ নেয়।

ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) গত শনিবার আইসিপিসি-জেআরসি আন্তকলেজ এবং আন্তইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর (জেআরসি) নামে এই আয়োজন করা হয়। অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ইউএপির সাবেক উপাচার্য ছিলেন।

ইউএপির প্রোগ্রামিং কনটেস্ট ক্লাব (পিসিসি) এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। বাংলাদেশের প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের বিকাশে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর অসামান্য অবদান স্মরণ এবং তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং ইউএপির শিক্ষার্থীসহ মোট ২৭০ জন প্রতিযোগী অংশ নেন। চার ঘণ্টাব্যাপী এই আয়োজনে আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) আদলে প্রতিযোগীরা বিভিন্ন প্রোগ্রামিং সমস্যা সমাধান করেন। প্রতিযোগিতার উত্তর স্বয়ংক্রিয়ভাবে যাচাই এবং ফলাফল তাৎক্ষণিকভাবে প্রদর্শনের জন্য একটি স্কোরবোর্ড ব্যবহার করা হয়।

এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিল সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ইনোভেটিভ স্কিলস লিমিটেড। আন্তকলেজ বিভাগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ‘দেশ’ দল চ্যাম্পিয়ন হয়েছে। এই দলটি প্রতিযোগিতায় মোট ১০টি প্রোগ্রামিং সমস্যা সফলভাবে সমাধান করে এবং ২১ হাজার টাকা পুরস্কার লাভ করে।

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকার ‘ওয়ালিজামানী’ দল প্রথম রানার-আপ স্থান অর্জন করেছে। তারা মোট ৭টি সমস্যা সমাধান করে এবং ১৮ হাজার টাকা পুরস্কার পেয়েছে। সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ‘সুগোই দেশু নে’ দল ৬টি সমস্যা সমাধান করে দ্বিতীয় রানার-আপ হয়েছে। এই দলটিকে ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

ইউএপির শিক্ষার্থীদের জন্য আয়োজিত আন্তইউএপি প্রতিযোগিতার সিনিয়র বিভাগে ‘ইউএপি_করুটিন’ দল চ্যাম্পিয়ন হয়েছে। এই দলটি ৩টি সমস্যা সমাধান করে এবং ১২ হাজার টাকা পুরস্কার লাভ করে। ‘কম্পাইলার_ক্রু’ দল ২টি সমস্যা সমাধান করে প্রথম রানার-আপ হয়। ‘দে_কিছু_একটা’ দল ১টি সমস্যা সমাধান করে দ্বিতীয় রানার-আপ স্থান অর্জন করে।

আন্তইউএপি প্রতিযোগিতার জুনিয়র বিভাগে ‘দেখি!!’ দল চ্যাম্পিয়ন হয়েছে। তারা মোট ৫টি সমস্যা সফলভাবে সমাধান করে। ‘রিজকো’ দলও ৫টি সমস্যা সমাধান করে প্রথম রানার-আপ স্থান অধিকার করে। ‘অ্যালগরিদম_অ্যাভেঞ্জার্স’ দল ৪টি সমস্যা সমাধান করে দ্বিতীয় রানার-আপ হয়েছে।

গত শনিবার এই প্রতিযোগিতার পাশাপাশি আইসিপিসি-জেআরসি বৃত্তি প্রদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। আইসিপিসি ফাউন্ডেশন ইউএপিকে ৫০ হাজার মার্কিন ডলারের একটি তহবিল প্রদানের উদ্যোগ নেয়, যার ফলস্বরূপ আইসিপিসি-জামিলুর রেজা চৌধুরী বৃত্তির নীতিমালা প্রণয়ন করা হয়। এই নীতিমালা অনুযায়ী, প্রতি সেমিস্টারে মোট ১০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।

ফল ২০২৪ এবং স্প্রিং ২০২৫—এই দুই সেমিস্টারে মোট ২০ জন শিক্ষার্থীকে আইসিপিসি-জেআরসি বৃত্তি প্রদান করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন কে এম মোজিবুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর স্ত্রী সেলিনা নওরোজ চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ আলাউদ্দিন এবং জামিলুর রেজা চৌধুরীর মেয়ে অধ্যাপক কারিশমা চৌধুরী উপস্থিত ছিলেন। ইউএপির প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক জি. আর. আহমেদ জামালও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবুল লাইস এম এস হক এবং ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশিষ্ট অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সালমা বেগমও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার হিসেবে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহিউদ্দিন আহমেদ ভূঁইয়া দায়িত্ব পালন করেন। ইউএপির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং আইসিপিসি-জেআরসি আন্তকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬-এর প্রতিযোগিতার পরিচালক অধ্যাপক নাসিমা বেগমও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...