বিনোদনজাহ্নবী কাপুরের আপত্তিকর কনটেন্ট সরাতে আদালতের নির্দেশ
জাহ্নবী কাপুরের আপত্তিকর কনটেন্ট সরাতে আদালতের নির্দেশ
অভিনেত্রী জাহ্নবী কাপুরকে নিয়ে অনলাইনে ছড়ানো আপত্তিকর কনটেন্টের বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে ৫৫২টি ইউআরএল দ্রুত অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে।
অভিনেত্রী জাহ্নবী কাপুরকে নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া আপত্তিকর ও অশালীন কনটেন্টের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। আদালতের নির্দেশে প্রাথমিকভাবে ৫৫২টি ইউআরএল বা লিংক দ্রুত সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে।
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজের ব্যক্তিত্বের অধিকার ও পরিচয় সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত এই নির্দেশ দেন।
মামলায় অনলাইনে থাকা প্রায় সাত হাজার লিংকের উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে প্রাথমিকভাবে চিহ্নিত ৫৫২টি ইউআরএলে আপত্তিকর ও অশালীন কনটেন্ট থাকায় সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়।
মামলায় এআই-নির্মিত ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট এবং অভিনেত্রীর পরিচয় ব্যবহার করে বাণিজ্যিকভাবে সুবিধা নেওয়ার অভিযোগ উঠে আসে। আদালত এসব বিষয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করেছে।
দিল্লি হাইকোর্ট স্পষ্ট করে জানিয়েছে, তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজকে বেআইনি বলা যাবে না। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনো ফ্যান পেজে অভিনেত্রীর ছবি, ভিডিও, চলচ্চিত্রসংক্রান্ত তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে।
শুধুমাত্র তারকার নাম বা ছবি ব্যবহারের কারণে এসব পেজ বন্ধ করার যৌক্তিকতা নেই। তবে কোনো ফ্যান পেজ বা অ্যাকাউন্টে অশালীন কনটেন্ট ছড়ানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জাহ্নবী কাপুরের আবেদনে তার পরিচয় ও ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি বিকৃত কনটেন্টের অপব্যবহার নিয়ে আদালতের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
অভিনেত্রী জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশন-ড্রামা ‘পেড্ডি’ সিনেমায় দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমাটিতে রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে তিনি অভিনয় করেছেন।
মতামত (0)