শিক্ষা

জাকসুর ‘রোড টু কর্পোরেট’ সেশনে দুই শতাধিক শিক্ষার্থীর ক্যারিয়ার নির্দেশনা

জাকসুর ‘রোড টু কর্পোরেট’ সেশনে দুই শতাধিক শিক্ষার্থীর ক্যারিয়ার নির্দেশনা
জাকসুর ‘রোড টু কর্পোরেট’ সেশনে দুই শতাধিক শিক্ষার্থীর ক্যারিয়ার নির্দেশনা
গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ‘রোড টু কর্পোরেট’ শীর্ষক ক্যারিয়ার সেশনের আয়োজন করে। এতে দুই শতাধিক শিক্ষার্থীকে কর্পোরেট চাকরি, দক্ষতা উন্নয়ন ও সিভি প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) 'রোড টু কর্পোরেট' শীর্ষক একটি ক্যারিয়ার কাউন্সেলিং সেশনের আয়োজন করে। এই সেশনে দুই শতাধিক শিক্ষার্থীকে কর্পোরেট চাকরি, দক্ষতা উন্নয়ন, সিভি প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মজীবন পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এটি 'জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬'-এর একটি অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই সেশনটি বসে। শিক্ষার্থীদের কর্পোরেট জগতে প্রবেশের জন্য প্রস্তুত করা, প্রয়োজনীয় দক্ষতা অর্জন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া এবং পেশাগত উন্নয়ন ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়াই ছিল এর মূল লক্ষ্য।

সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক ও মাইক্রোসফটের একাধিক প্রকল্প বাস্তবায়নকারী ট্রেইনার ও ম্যানেজমেন্ট কনসালটেন্ট মাশাহীদ হাসান সীমান্ত। তার সঙ্গে ছিলেন এইচআর বিজনেস পার্টনার, ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট প্রফেশনাল এবং সিভি রাইটিং ট্রেইনার মুবতাসিন কবির। এছাড়াও ডেটা সলিউশন ৩৬০ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

সেশনের শুরুতে মাশাহীদ হাসান সীমান্ত 'গোল সেটিং অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং' বিষয়ে আলোচনা করেন। তিনি কর্পোরেট ক্যারিয়ারে প্রবেশের আগে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন, নিজেদের পেশাদার প্রোফাইল হিসেবে গড়ে তোলা এবং নিয়োগদাতাদের প্রত্যাশা অনুযায়ী প্রস্তুতি নেওয়ার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরে সিভি রাইটিং, রিক্রুটমেন্ট প্রসেস, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, কমিউনিকেশন স্কিল, প্রফেশনাল ডেভেলপমেন্ট ও ক্যারিয়ার প্রিপারেশনের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচকরা মতবিনিময় করেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং আলোচকরা সেগুলোর উত্তর দেন, যা সেশনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

জাকসুর কার্যকরী সদস্য নাবিলা বিনতে হারুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চাকরির বাজার ও কর্পোরেট জগতের বাস্তবতা সম্পর্কে প্রস্তুত করা এই ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়।

তিনি আরও বলেন, 'রোড টু কর্পোরেট' সেশনটি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন থেকে পেশাজীবনে প্রবেশের পথকে আরও সুস্পষ্ট করার একটি প্রচেষ্টা। আলোচকদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকসুর সহসাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান, পরিবেশ সম্পাদক সাফায়েত মীর, পরিবহণ সম্পাদক তানভীর রহমান, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি, সহকারী সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন এবং কার্যকরী সদস্য ফাবলিহা জাহান। এছাড়াও জাকসু ও হল সংসদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের আয়োজনে এবং ব্রিলিয়ান্ট ব্রেইনস ভ্যালির সহযোগিতায় অনুষ্ঠিত এই সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...