রাজনীতিজামায়াত ফেরেশতাদের দল নয়, ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়, নেতাকর্মীদের ভুল হতে পারে। তবে দল অন্যায়কে প্রশ্রয় দেয় না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ফেরেশতাদের সংগঠন নয়। দলের নেতাকর্মীরা মানুষ, তাই তাদের ভুল বা অন্যায় হতে পারে। তবে দল কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না বলে তিনি জানান।
গত শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত দলের রুকন সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। তবে এর অর্থ এই নয় যে, তারা কোনো অন্যায় করেন না, তাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হতে পারে।
দেশ ও জাতির স্বার্থে সবাইকে দলের ভুল-ত্রুটি তুলে ধরার আহ্বান জানান তিনি। জামায়াতের প্রতিশ্রুতি রয়েছে যে, অন্যায় প্রমাণিত হলে তা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধন করা হবে।
দলের নেতাকর্মীদের সতর্ক করে জামায়াত আমির বলেন, যাদের ওপর জনগণের আস্থা রয়েছে, তাদের আরও দায়িত্বশীল হতে হবে। নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ছোটখাটো বা সংশোধনযোগ্য ভুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে। তবে গুরুতর অনিয়ম বা অপরাধের ক্ষেত্রে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প থাকবে না। এই সতর্কবার্তা দলের সর্বস্তরের নেতাকর্মীর জন্য প্রযোজ্য।
রাজনৈতিক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান দাবি করেন, গণভোটের মাধ্যমে জনগণ পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মত দিয়েছে। তিনি সরকারের প্রতি জনগণের সেই রায়কে সম্মান জানানোর আহ্বান জানান।
এ সময় তিনি অভিযোগ করেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি। পাশাপাশি জুলাই জাদুঘর এখনো চালু না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
সংবিধান প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে অবৈধ বলা হয়, তাহলে একই যুক্তিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।
মতামত (0)