প্রযুক্তিজেমিনাই অ্যাপের ইন্টারফেসে বড় পরিবর্তন আনলো গুগল
জেমিনাই অ্যাপের ইন্টারফেসে বড় পরিবর্তন আনলো গুগল
গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট জেমিনাই অ্যাপের ইউজার ইন্টারফেস হালনাগাদ করেছে। এতে 'থিঙ্কিং লেভেল' নির্বাচন ও নোটিফিকেশন নিয়ন্ত্রণ আরও সহজ হবে।
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট জেমিনাই অ্যাপের ইউজার ইন্টারফেস হালনাগাদ করা হয়েছে। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনে যারা নিয়মিত জেমিনাই ব্যবহার করেন, তাদের সুবিধার জন্য এই পরিবর্তন আনা হয়েছে। একই সময়ে একাধিক কাজের নির্দেশনা দিলে সুনির্দিষ্ট তথ্য পেতে জেমিনাইয়ে যে সময় লাগত, এই হালনাগাদ সেই সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে এসেছে।
নতুন এই হালনাগাদের ফলে জেমিনাই অ্যাপের ‘থিঙ্কিং লেভেল’ বর্তমানের তুলনায় সহজে নির্বাচন করা যাবে। জেমিনাই অ্যাপ ব্যবহারকারীদের আগে অতিরিক্ত যুক্তিভিত্তিক উত্তর পেতে প্রথমে একটি থিঙ্কিং লেভেল নির্বাচন করতে হতো। এখন অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ‘স্ট্যান্ডার্ড’ মোডে চলবে।
অতিরিক্ত বিশ্লেষণের প্রয়োজন হলে ব্যবহারকারীরা সরাসরি ‘এক্সটেন্ডেড থিঙ্কিং’ অপশন বেছে নিতে পারবেন। এর ফলে আগের তুলনায় দ্রুত প্রয়োজনীয় তথ্য জানা সম্ভব হবে। পাশাপাশি অ্যাপটিতে নতুন নোটিফিকেশন কন্ট্রোলের সুবিধাও যুক্ত করা হয়েছে।
জেমিনাই অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে এই নতুন নোটিফিকেশন কন্ট্রোলের সুবিধা যুক্ত হয়েছে। সুবিধাটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সহজেই অ্যাকাউন্ট মেনু থেকে কোন ধরনের নোটিফিকেশন পেতে চান, তা নিজেরা নির্ধারণ করতে পারবেন। গুগল জানিয়েছে, কয়েক মাস ধরে তারা ধাপে ধাপে জেমিনাই অ্যাপের নকশা ও প্রযুক্তির সুবিধা উন্নত করছে। নতুন এই হালনাগাদ সেই ধারাবাহিকতারই অংশ। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারীদের জন্য সুবিধাগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করা হচ্ছে।
মতামত (0)