যুক্তরাষ্ট্রে ভিসার জন্য আবেদনকারীদের সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী কঠোর অভিযানের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হলো। বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হওয়ায় সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই প্রশিক্ষণের সঙ্গে সমন্বয় করতে ভিসা-সংক্রান্ত সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তিত হচ্ছে। পররাষ্ট্র দপ্তর প্রশিক্ষণের বিস্তারিত বা কত দিন এটি চলবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি। তবে প্রশিক্ষণের লক্ষ্য হলো কনস্যুলার কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো।
কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কিনা, তা শনাক্ত করার বিষয়ে এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। একইসঙ্গে সব ভিসা আবেদনকারীর আবেদন ‘সার্বিক ও অভিন্নভাবে’ মূল্যায়ন নিশ্চিত করাও প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। এর আগে একটি ব্রিটিশ সংবাদমাধ্যম ভিসা সাক্ষাৎকার স্থগিতের খবর প্রকাশ করে।
বিভিন্ন মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে নির্ধারিত সাক্ষাৎকারের জন্য আবেদনকারীরা ই-মেইল পেয়েছেন। সেখানে তাদের সাক্ষাৎকারের সময় পরিবর্তন করা হয়েছে এবং নতুন তারিখ পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন ঠেকাতে ব্যাপক অভিযান চালাচ্ছে।
এই অভিযানের অংশ হিসেবে ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং বিভিন্ন কারণে আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। এসব কারণের মধ্যে রাজনৈতিক মতামত প্রকাশ এবং গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেয়াও অন্তর্ভুক্ত। ট্রাম্পের দাবি, এই অভিযান দেশের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই চালানো হচ্ছে।



মতামত (0)