খেলাধুলাকাইফের ভবিষ্যদ্বাণী: ৬ মাসের মধ্যে ভারতের একাদশে সুরিয়াভানশি
কাইফের ভবিষ্যদ্বাণী: ৬ মাসের মধ্যে ভারতের একাদশে সুরিয়াভানশি
সাবেক ক্রিকেটার মোহাম্মাদ কাইফ বিশ্বাস করেন, আগামী ছয় মাসের মধ্যে তরুণ ক্রিকেটার বৈভব সুরিয়াভানশি ভারতের টি-টোয়েন্টি একাদশে স্থায়ী জায়গা করে নেবেন, যেখানে তিলাক ভার্মা বা শিভাম দুবে বাদ পড়তে পারেন।
সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মাদ কাইফ বিশ্বাস করেন, আগামী ছয় মাসের মধ্যে ব্যাটিং বিস্ময় বৈভব সুরিয়াভানশি ভারতের টি-টোয়েন্টি একাদশে স্থায়ী জায়গা করে নেবেন। বর্তমানে ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ হলেও প্রথম পছন্দের একাদশে এখনও থিতু হতে পারেননি এই ক্রিকেটার। কাইফ ইঙ্গিত দিয়েছেন, সুরিয়াভানশিকে জায়গা দিতে তিলাক ভার্মা অথবা শিভাম দুবেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।
বয়সভিত্তিক ক্রিকেট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ভারতের ইমার্জিং দল এবং ‘এ’ দলের হয়ে রেকর্ড গড়ার পর সুরিয়াভানশি আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ভারতের জার্সিতে এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুই ফিফটিতে তিনি ১৯৩ রান করেছেন, যেখানে তার স্ট্রাইক রেট ১৮৯.২১।
গত জুন-জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলে সুরিয়াভানশিকে প্রথমবার ডাকা হয়। এরপর ইংলিশদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে। যদিও শুরুটা আশানুরূপ ছিল না, ইংল্যান্ডে তিনটি টি-টোয়েন্টিতে তিনি মাত্র ৪২ রান করতে সক্ষম হন।
পরবর্তীতে জিম্বাবুয়ে সফরে সুরিয়াভানশিকে আবারও সুযোগ দেওয়া হয় এবং তিনি সেখানে নিজেকে ভালোভাবে মেলে ধরেন। প্রথম ম্যাচেই ফিফটি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে পঞ্চাশ ছোঁয়ার রেকর্ড গড়েন তিনি। সিরিজের শেষ ম্যাচে তিনি ৮১ রানের একটি ইনিংস খেলেন এবং সিরিজ সেরার পুরস্কার তারই হাতে ওঠে।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও সুরিয়াভানশি দলের সঙ্গে ছিলেন। তবে সেই সিরিজে তিনি একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। তার বদলে একাদশে ফেরানো হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়া সাঞ্জু স্যামসনকে। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তের জন্য সে সময় মোহাম্মাদ কাইফ সমালোচনা করেছিলেন।
জাপানে চলমান এশিয়ান গেমসের ভারত দলেও সুরিয়াভানশি আছেন। তবে তিনি সেখানে সুযোগ পান কিনা, তা সময়ই বলে দেবে। আফগানিস্তান সিরিজের পর ভারতের প্রধান কোচ গৌতম গাম্ভির মন্তব্য করেছিলেন যে, সুরিয়াভানশিকে খেলার সুযোগ পেতে আরও অপেক্ষা করতে হবে।
মোহাম্মাদ কাইফ মনে করেন, সুরিয়াভানশির অপেক্ষা খুব বেশি দীর্ঘ হবে না। তিনি তার ইউটিউব চ্যানেলে বলেছেন, “আমি বুঝতে পারছি, তিলাক সহ-অধিনায়ক। কিন্তু এর আগেও সহ-অধিনায়কদের বাদ দেওয়া হয়েছে। সে প্রসঙ্গে যেতে চাই না।” তিনি আরও যোগ করেন, “শিভাম দুবে প্রতি ম্যাচে রান করছে না, এখনও নিজেকে প্রমাণ করতে হবে তাকে। ফিল্ডিংয়েও সে দুর্বল, আর প্রকৃত বোলিং অলরাউন্ডারও নয়। সে খেলছে মূলত ব্যাটসম্যান হিসেবে।”
কাইফ দৃঢ়ভাবে বলেছেন, “ছয় মাস পর তিলক অথবা দুবের মধ্যে একজন বাদ পড়বে। একজনকে সরাতেই হবে, আর সুরিয়াভানশি খেলবে। এটা আমি এখনই বলে দিচ্ছি।”
ইস্ট জোনের দুলিপ ট্রফির শিরোপা জয়েও সুরিয়াভানশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই টুর্নামেন্টে তিনি তিনটি ম্যাচে একটি নব্বই ছোঁয়া ইনিংস এবং দুটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেন। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের সেই টুর্নামেন্টে এই কিশোর ইশান কিষানের ডেপুটি হিসেবে ছিলেন।
কাইফ তার ইউটিউব চ্যানেলে দুলিপ ট্রফিতে সুরিয়াভানশির পারফরম্যান্সের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, “দুলিপ ট্রফিতেও রান করেছে সুরিয়াভানশি। সে নিজের খেলায় উন্নতি করেছে। এমনকি সেখানে সে বোলিংও করেছে। সে বুঝতে পেরেছে যে, সে যদি কয়েক ওভার বোলিং করতে পারে, তাহলে (দল নির্বাচনে) বাড়তি সুবিধা পাবে।”
মতামত (0)