আজ মঙ্গলবার আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার আনন্দবাজার এলাকায় শিশুদের মধ্যে পরিবেশবান্ধব কলম ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন মন্তব্য করেন, কাজের মাধ্যমেই নেতৃত্বের প্রমাণ দিতে হবে। তিনি আরও বলেন, কাজ ছাড়া বাংলাদেশের মানুষ আর কাউকে নেতা হিসেবে গ্রহণ করবে না।
নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী।
বিশ্ব স্বাক্ষরতা দিবসের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি জানান, ‘চলো বদলে দেই ঢাকা উত্তর’—এই অঙ্গীকার বাস্তবায়নে তারা কাজ শুরু করেছেন। শুধু কথায় নয়, কাজের মাধ্যমে ঢাকা শহরকে বদলে দিতে চান তারা।
বর্জ্য কোনো সমস্যা নয় বলে তিনি উল্লেখ করেন। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এটিকে সম্পদে পরিণত করা সম্ভব বলেও তিনি জানান। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ২০টি স্মার্ট বিন স্থাপন করা হয়েছে বলে তিনি তথ্য দেন।
এই স্মার্ট বিনগুলোতে সংগৃহীত বর্জ্য পুনর্ব্যবহার করে পরিবেশবান্ধব কলম তৈরি করা হচ্ছে। শিশুদের হাতে পরিবেশবান্ধব কলম তুলে দেওয়াকে একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে তিনি তুলে ধরেন। রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা থাকলে জনগণের কল্যাণে অনেক কিছু করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
ভবিষ্যতে নগরবাসীর কল্যাণে আরও নতুন ও সৃজনশীল উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। কাগজ, কলমসহ বিভিন্ন পণ্য তৈরির শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।



মতামত (0)