অর্থনীতিকাপড়ের আড়ালে ১,৬৫৫ মুঠোফোন জব্দ, মূল্য পাঁচ কোটি টাকা
কাপড়ের আড়ালে ১,৬৫৫ মুঠোফোন জব্দ, মূল্য পাঁচ কোটি টাকা
ঢাকার বিমানবন্দরে কাপড়ের আড়ালে আনা ১,৬৫৫টি মুঠোফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এর মধ্যে নতুন শাওমি, পুরোনো আইফোন ও চীনা ব্র্যান্ডের ফোন রয়েছে, যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল সংখ্যক মুঠোফোন জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল সোমবার বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় কাপড়ের আড়ালে আনা ১ হাজার ৬৫৫টি মুঠোফোন জব্দ করা হয়। মিথ্যা ঘোষণা দিয়ে এসব মুঠোফোন হংকং থেকে আমদানি করা হয়েছিল।
জব্দকৃত মুঠোফোনগুলোর মধ্যে ৬০০টি নতুন শাওমি ব্র্যান্ডের রেডমি মডেলের ফোন রয়েছে। এর মধ্যে ৪৫০টি রেডমি ১৪সি এবং ১৫০টি রেডমি ১৫সি মডেলের ফোন। এছাড়া ১ হাজার ৫৫টি পুরোনো আইফোন এবং চীনের বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোনও জব্দ করা হয়েছে।
এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জব্দ করা এসব মুঠোফোনের আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। চালানটি ‘নিট ফেব্রিকস’ বা কাপড় হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পরীক্ষা করে দেখা যায়, কাপড়ের রোলের আড়ালে বিপুলসংখ্যক মুঠোফোন লুকিয়ে রাখা হয়েছিল।
এয়ার কার্গো সিস্টেমের তথ্য অনুযায়ী, চালানটি হংকং থেকে ঢাকায় এসেছে। এর মোট ওজন ৮৯৫ কেজি এবং এতে ২০টি প্যাকেজ ছিল। চালানটি গত ৩১ আগস্ট ঢাকায় এসে পৌঁছায়। থিয়ানিস অ্যাপারেলস লিমিটেডকে এই চালানের আমদানিকারক হিসেবে উল্লেখ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঘোষণার সঙ্গে বাস্তবে পাওয়া পণ্যের বড় ধরনের অসংগতি রয়েছে। কাপড়ের রোলের মধ্যে মুঠোফোন লুকিয়ে আনার মাধ্যমে পণ্য গোপন এবং শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়েছে।
জব্দ করা মুঠোফোনগুলোর মডেল, আইএমইআই নম্বর এবং নতুন না ব্যবহৃত, এসব তথ্য যাচাই করা হবে। একই সাথে ফোনগুলোর প্রকৃত মূল্য ও প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণ করা হবে। তদন্তে শুল্ক ফাঁকির ঘটনায় সরকারের আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।
মতামত (0)