শিক্ষা

কওমি ও আলিয়া মাদরাসার ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য বাউবির নতুন কর্মসূচি

কওমি ও আলিয়া মাদরাসার ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য বাউবির নতুন কর্মসূচি
কওমি ও আলিয়া মাদরাসার ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য বাউবির নতুন কর্মসূচি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কওমি ও আলিয়া মাদরাসার ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সাথে যুক্ত করতে এসএসসি ও এইচএসসি ‘নিশ-৩’ প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এটি শুরুর আশা করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কওমি ও আলিয়া মাদরাসার ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য নতুন বিশেষ প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। এসএসসি ও এইচএসসি 'নিশ-৩' নামে এই দুটি প্রোগ্রাম শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করবে। ধর্মীয় শিক্ষার স্বকীয়তা অক্ষুণ্ন রেখে এসব শিক্ষার্থীদের আধুনিক ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সব কিছু ঠিক থাকলে ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই এই প্রোগ্রামটি চালু হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর ঢাকা আঞ্চলিক কেন্দ্রে এই বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। 'বাউবিতে এসএসসি (নিশ-৩) ও এইচএসসি (নিশ-৩) প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশন' শীর্ষক দুই দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীকে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে বাউবি দীর্ঘদিন ধরে কাজ করছে। কওমি ধারার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এই প্রোগ্রাম চালু করা হচ্ছে, যার মাধ্যমে তারা জাতীয় শিক্ষাধারায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

উপাচার্য আরও জানান, নিশ-৩ প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশন এখনো চূড়ান্ত হয়নি। কর্মশালায় শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে এটি আরও যুগোপযোগী করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সফল হলে বাউবির শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচিত হবে।

ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছাম্মৎ শিরিন সুলতানা এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের পর ওপেন স্কুলের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রাহীম স্বাগত বক্তব্য দেন। অধ্যাপক ড. মো: চেঙ্গীশ খান সিলেবাসের সারসংক্ষেপ উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে বাউবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন ধন্যবাদ জ্ঞাপন করেন। বাউবি কর্তৃপক্ষ মনে করে, দারিদ্র্যমুক্ত, যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে এই নিশ-৩ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...