বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিরোধী দলের লংমার্চ কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, জনস্বার্থে রাজনীতি করলে শুধু গাড়ির সংখ্যা কমানো নয়, বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা। যারা বর্তমান সরকারের ছয় মাসের ব্যর্থতা খুঁজে বেড়াচ্ছে, তাদেরকেই তিনি ব্যর্থ বলে মন্তব্য করেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ময়মনসিংহের তারাকান্দা দক্ষিণ বাজারে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির শোভাযাত্রাপূর্ব সমাবেশে এমরান সালেহ এই বক্তব্য দেন। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম এই সমাবেশে সভাপতিত্ব করেন।
এমরান সালেহ তার বক্তব্যে উল্লেখ করেন, যেখানে জ্বালানি তেল ও গ্যাসের সংকট চলছে, সেখানে দীর্ঘ পথের কর্মসূচিতে হাজার হাজার গাড়ি ব্যবহার করে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় করা কতটা জনস্বার্থসম্মত, তা প্রশ্নবিদ্ধ। তিনি আরও বলেন, কর্মসূচির বহরে ব্যবহৃত বিপুল পরিমাণ জ্বালানি যদি গণপরিবহন ও জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহার করা যায়, তাহলে সরাসরি জনগণ উপকৃত হবে। রাজনীতি মানুষের জন্য, মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য নয়।
তিনি বিরোধী দলের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, তারা কি সংকট সমাধান করতে চায়, নাকি সংকটকে আরও ঘনীভূত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল হক, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ।



মতামত (0)