প্রযুক্তি

মেটার নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু: কার্যকারিতা ও নিরাপত্তা ঝুঁকি

মেটার নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু: কার্যকারিতা ও নিরাপত্তা ঝুঁকি
মেটার নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু: কার্যকারিতা ও নিরাপত্তা ঝুঁকি
মেটা নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করতে পারে। এটি ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকারের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।

মেটা একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট চালু করেছে, যার নাম ‘মিউজ’। এই এআই এজেন্ট স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল পাঠানো, গাড়ি বিক্রি করা এবং ভ্রমণের পরিকল্পনা করার মতো বিভিন্ন কাজ করতে সক্ষম। প্রযুক্তি সংস্থাটির লক্ষ্য হলো প্রতিদিনের কোটি কোটি ব্যবহারকারীকে একটি শক্তিশালী ‘ব্যক্তিগত অতি-বুদ্ধিমত্তা’ সেবা প্রদান করা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক ঘোষণায় মেটা জানায়, সেবাটি প্রাথমিকভাবে কেবল যুক্তরাষ্ট্রে পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীরা একটি আলাদা ‘মিউজ’ অ্যাপ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে মেটার স্মার্ট গ্লাসেও এই প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মেটার তৈরি এই এআই এজেন্টটি ইমেইল, ক্যালেন্ডার, পেমেন্ট, স্বাস্থ্য তথ্য ও কেনাকাটার মতো বিভিন্ন অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে। কোনো ব্যবহারকারী চাইলে অ্যাপগুলোর সাথে ‘মিউজ’ এর সংযোগ তুলে নিতে পারবেন। এটি ক্লাউডভিত্তিক নিজস্ব ভার্চুয়াল সিস্টেমে চলে, ফলে ব্যবহারকারী অ্যাপে সক্রিয় না থাকলেও ব্যাকগ্রাউন্ডে কাজ চালিয়ে যেতে পারে।

ব্যবহারকারীর ব্যক্তিগত অ্যাপ ব্যবহারের ক্ষমতা ‘মিউজ’ এর দক্ষতা বাড়ালেও, একই সাথে এটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। এই প্রযুক্তি ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার পাওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মেটা কর্মীদের পরীক্ষার মিশ্র অভিজ্ঞতার কথা জানা গেছে। একজন কর্মী জানান, ইন্দোনেশিয়ায় তার মধুচন্দ্রিমার ভ্রমণসূচি তৈরিতে ‘মিউজ’ এত দারুণ কাজ করেছে যে প্রযুক্তিটিকে তার কাছে সফরের তৃতীয় সঙ্গী মনে হয়েছে।

তবে অন্যান্য কর্মীরা অভিযোগ করেছেন, এআইটি বারবার নিজে থেকেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। এটি টিকিট বুকিংয়ের তথ্য ঠিকমতো পর্যবেক্ষণ করত না এবং নীরবে কাজ বন্ধ করে দিত। মেটার চিফ টেকনোলজি অফিসার অ্যান্ড্রু বোসওয়ার্থও বারবার লগ আউট হয়ে যাওয়ার সমস্যার কথা জানান।

সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে। একটি শিশুর জন্মদিনের ছবির খেলনা শনাক্ত করতে গিয়ে ‘মিউজ’ নিরাপত্তা প্রাচীর ডিঙিয়ে আইক্লাউডে থাকা ব্যক্তিগত ছবি ফাঁস করে দেয়।

নিরাপত্তা সংক্রান্ত অভিযোগগুলোর বিষয়ে তাৎক্ষণিকভাবে মেটা কোনো মন্তব্য করেনি। তবে এআই প্রোডাক্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট বিশাল শাহ জানান যে নিরাপত্তার বিষয়টি শক্তিশালী করতেই এর প্রকাশে বিলম্ব করা হয়েছিল। তিনি বলেন, “হয়তো কখনোই কোনো ভুল হবে না এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে আমাদের এ পরিকল্পনার প্রতিটি অংশ সর্বোচ্চ গোপনীয়তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।”

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...