সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: প্রতিমন্ত্রী ও এমপির বৈঠক, নতুন তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: প্রতিমন্ত্রী ও এমপির বৈঠক, নতুন তদন্ত কমিটি গঠন
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: প্রতিমন্ত্রী ও এমপির বৈঠক, নতুন তদন্ত কমিটি গঠন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন হাসপাতাল পরিদর্শনে আসেন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন এবং হতাহতের বিষয়ে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ‘পদদলিত হয়ে মৃত্যু’র দাবি নাকচ করেন। সমালোচনার মুখে অগ্নিকাণ্ডের তদন্তে নতুন কমিটি গঠন করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটতলা ভবনের ১১ নম্বর লিফটে গত সোমবার বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে লিফটের বাইরের আবরণ পুড়ে যায়।

আগুন লাগার পর হাসপাতালের বিভিন্ন তলা থেকে রোগী ও স্বজনদের অনেকে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে আহত হন। এ ঘটনায় চারজনের মৃত্যুর তথ্য সামনে এলেও হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন তা নাকচ করে। নিহতদের স্বজনরা অগ্নিকাণ্ডের পর আতঙ্ক ও হুড়োহুড়ির মধ্যে চারজনের মৃত্যুর দাবি করেছেন।

আজ বুধবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম ইকবাল হোসেইন হাসপাতাল পরিদর্শনে আসেন। তিনি হাসপাতালের পরিচালকের কক্ষে অন্যদের সঙ্গে বৈঠক করেন। গতকাল মঙ্গলবার প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জারি করা সফরসূচিতে আজ সকাল পৌনে ১০টায় হাসপাতালে উপস্থিতির কথা থাকলেও, প্রতিমন্ত্রীর গাড়িবহর বেলা ১১টা ১০ মিনিটে পৌঁছায়।

হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলামসহ চিকিৎসকনেতারা প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। অসুস্থতার কারণে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন না। বৈঠকে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আবু ওয়াহাব আকন্দসহ হাসপাতাল প্রশাসন ও চিকিৎসকনেতারা উপস্থিত ছিলেন।

দুপুর ১২টা ২২ মিনিটে রুদ্ধদ্বার বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে কীভাবে হাসপাতালের ব্যবস্থাপনা আরও ভালো করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

অগ্নিকাণ্ড ও হতাহতের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে প্রতিমন্ত্রীর পক্ষে উত্তর দেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। তিনি পদদলিত হয়ে মৃত্যুর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। সংসদ সদস্য বলেন, ‘পাড়া লেগে (পদদলিত হয়ে) কেউ মারা যায়নি। তারা আগুন–আতঙ্কে সেন্সলেস হয়ে গিয়েছিল।’

আবু ওয়াহাব আকন্দ আরও বলেন, ‘ছয়জনের মৃত্যুর খবর আমরা মিথ্যা প্রমাণিত করেছি। যারা মারা গেছে, তাদের দুজনের স্বাভাবিক মৃত্যু। অন্য দুজন মারা গেছে আগুন–আতঙ্কে। নো পদদলিত মৃত্যু। পদদলিতও না, অগ্নিদগ্ধও না।’ তিনি জানান, গণমাধ্যমে ছয়জনের মৃত্যুর খবর এলেও একজন এখনো চিকিৎসাধীন আছেন।

পদদলিত হয়ে কয়েকজন মারা গেছেন, পরিবারগুলোর এমন দাবির বিষয়ে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত কমিটি হয়েছে। তারা তদন্ত করার পর যেটা বের হবে, তখন প্রশ্ন করলে উত্তর দিতে পারব।’ তিনি আরও বলেন, হাসপাতালের সব সমস্যা সমাধানে সময় লাগবে।

হাসপাতালে চার গুণ রোগীর চাপ এবং বিভিন্ন মেশিন নষ্ট থাকার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এর সমাধান এক দিনে হবে না। তিনি ইঞ্জিনিয়ারদের পরিকল্পনা তৈরি করতে বলেছেন। হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম জানান, প্রতিমন্ত্রী বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে হাসপাতালের উন্নয়নমূলক বিষয় নিয়ে কথা বলেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগের তদন্ত কমিটি বাতিল করে নতুন ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগের কমিটিতে লিফট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের দুই প্রকৌশলীকে সদস্য করা হয়েছিল। এ নিয়ে সমালোচনা শুরু হলে আজ নতুন কমিটি গঠন করা হয়।

আগের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গতকাল সকালে হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম স্বাক্ষরিত আদেশে গঠন করা হয়েছিল। ওই কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস ও উপবিভাগীয় প্রকৌশলী মো. মাজেদুর রহমানকে সদস্য করা হয়েছিল।

নতুন কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে নতুন কমিটির প্রধান ও হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খানকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে আরও দুই চিকিৎসক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (দক্ষিণ) ও ফায়ার সার্ভিসের এক সহকারী পরিচালককে সদস্য করা হয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...