সারাদেশ

নাচের কথা বলে দুই নৃত্যশিল্পীকে নৌকায় তুলে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নাচের কথা বলে দুই নৃত্যশিল্পীকে নৌকায় তুলে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
নাচের কথা বলে দুই নৃত্যশিল্পীকে নৌকায় তুলে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে দুই নৃত্যশিল্পীকে নৌকায় তুলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় তুলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলার পর শান্ত বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী দুই নারী পেশায় নৃত্যশিল্পী। একটি বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের জন্য ৯ হাজার টাকায় তাদের সঙ্গে চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে তারা দলের অন্য সদস্যদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আসেন।

এজাহারে বলা হয়েছে, সরাইলে পৌঁছানোর পর রাকিব নামে এক ব্যক্তি তাদের গ্রহণ করেন। পরে তিনি তাদের শাহবাজপুর সেতুর নিচে নিয়ে যান। সেখানে রাকিব আরও পাঁচজনকে সঙ্গে নিয়ে দুই নারীকে একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলেন। এরপর নৌকাটি তিতাস নদীর মাঝামাঝি এলাকায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, নদীর মাঝখানে যাওয়ার পর দুই নারীকে ধর্ষণ করা হয়। এ সময় তারা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের দলের পুরুষ সদস্য সাইদ হোসেনকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে রাত ৮টার দিকে অভিযুক্তরা দুই ভুক্তভোগী নারীকে নাসিরনগর থানার গোকর্ণঘাট এলাকায় নামিয়ে দিয়ে চলে যান। ঘটনার পর বিষয়টি প্রথমে নাসিরনগর থানায় জানানো হয়। তবে ঘটনাস্থল সরাইল থানার আওতাধীন হওয়ায় সেখানে মামলা করার পরামর্শ দেয় পুলিশ।

এরপর ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার, ১১ সেপ্টেম্বর, সরাইল থানায় মামলা করা হয়। মামলায় মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার পর শান্ত বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে। মামলার অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...