রাজনীতিনাসীরুদ্দীন পাটওয়ারীর নব্য চাঁদাবাজ বিরোধী প্রতিরোধের আহ্বান
নাসীরুদ্দীন পাটওয়ারীর নব্য চাঁদাবাজ বিরোধী প্রতিরোধের আহ্বান
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি ফেসবুক পোস্টে চাঁদাবাজির ফলে সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, একজন মানুষ সারাদিন রোদে পুড়ে, ঘাম ঝরিয়ে ৫০০ টাকা আয় করেন। এই টাকাতেই সন্তানের দুধ, স্কুলের খাতা ও বৃদ্ধ বাবার ওষুধের সংস্থান হয়। সেখান থেকে ২০০ থেকে ৩০০ টাকা চাঁদাবাজ নিয়ে গেলে শুধু টাকা যায় না, পরিবারের কোনো একটি প্রয়োজনও সেদিন থেমে যায়।
তিনি আরও উল্লেখ করেন, আপনার আমার কাছে ৫০০ টাকা সামান্য হতে পারে, কিন্তু যার সারাদিনের ঘামের মূল্য এই ৫০০ টাকা, তার কাছে এই টাকাই হাজার কোটি টাকার সমান। দোকান বসানো, ব্যবসা করা, গাড়ি চালানো বা বাড়ি তোলার ক্ষেত্রে সব জায়গায় চাঁদা দিতে হয়। সেই টাকায় যখন রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা দেখানো হয়, তখন অপমান আরও গভীর হয়।
এই চাঁদাবাজির টাকা শুধু নিচেই থেমে থাকে না, ধাপে ধাপে ওপরেও নেতাদের কাছে পৌঁছে যায় বলে তিনি জানান। চাঁদাবাজি শুধু টাকা কেড়ে নেয় না, মানুষের ঘাম, সন্তানের ভবিষ্যৎ এবং বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং এলাকায় এলাকায় চাঁদাবাজ বিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, দেশ তখনই বাঁচবে, যখন একজন বাবা নিজের ঘামের ৫০০ টাকা নিরাপদে সন্তানের জন্য ঘরে নিয়ে যেতে পারবেন।
পোস্টের পর এক মন্তব্যে তিনি লেখেন, তার পোস্টে কোনো দলের নাম ছিল না, ছিল শুধু নব্য চাঁদাবাজদের কথা। এরপরও ক্ষমতাসীন দলের কিছু কর্মী কেন এত ব্যক্তিগতভাবে নিয়ে রিঅ্যাক্ট করছেন, তা তিনি ঠিক বুঝতে পারছেন না।
মতামত (0)