রাজনীতিনিখোঁজ মিরাজ শেখের সন্ধান দাবি জেডিপির, স্বাধীন তদন্তের আহ্বান
নিখোঁজ মিরাজ শেখের সন্ধান দাবি জেডিপির, স্বাধীন তদন্তের আহ্বান
জেডিপি বিএনপি আমলের প্রথম গুমের শিকার দাবি করা নিখোঁজ মিরাজ শেখকে দ্রুত খুঁজে পরিবারের কাছে ফিরিয়ে দিতে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। দলটি শাহবাগে প্রতিবাদ সমাবেশ করেছে।
জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) বিএনপি আমলের প্রথম গুমের শিকার দাবি করা নিখোঁজ মিরাজ শেখকে দ্রুত খুঁজে পরিবারের কাছে ফিরিয়ে দিতে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ‘মিরাজ শেখ নিখোঁজের ১৪০ দিনে জিজ্ঞাসা—নতুন আয়নাঘর কোথায়?’ শীর্ষক এই প্রতিবাদ সমাবেশে জেডিপি তাদের দাবি উত্থাপন করে।
দলটির আহ্বায়ক নাঈম আহমাদ প্রশ্ন তুলেছেন, ‘নতুন করে কোথায় আয়নাঘর গড়ে তোলা হয়েছে?’ তিনি বলেছেন, বাংলাদেশে আর কোনোভাবেই গুমের সংস্কৃতি ফিরে আসতে দেওয়া হবে না। গণঅভ্যুত্থানের পর একজন নাগরিকের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে তিনি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুতর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন।
নাঈম আহমাদ জানান, মিরাজ শেখ গত ১০ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন। তাঁর পরিবারের অভিযোগ, কোস্টগার্ডের সদস্যরা তাঁকে নিয়ে গেছেন। মানবাধিকার সংগঠনগুলোর সাম্প্রতিক অনুসন্ধানেও মিরাজকে কোস্টগার্ডের হেফাজতে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। এসব সংগঠন এই ঘটনাকে বিএনপি সরকারের আমলের প্রথম গুমের ঘটনা হিসেবে চিহ্নিত করেছে বলে দাবি করা হচ্ছে।
অন্যদিকে, কোস্টগার্ড মিরাজকে আটক, জিজ্ঞাসাবাদ বা হেফাজতে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তারা মিরাজ শেখকে গুম করেনি। এ পরিস্থিতিতে মিরাজ শেখ কোথায়, সেই প্রশ্নের উত্তর দেওয়া এবং তাঁকে খুঁজে বের করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব বলে জেডিপি দাবি করেছে।
জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ অবিলম্বে এই ঘটনায় স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের দাবি জানান। তিনি মিরাজ শেখকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, মিরাজ শেখকে আদালতে হাজির করার জন্য হাইকোর্ট গত ১২ জুলাই নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশে ১৫ কার্যদিবসের মধ্যে তাঁকে আদালতে হাজির করতে বলা হয়।
আদালতের নির্দেশ সত্ত্বেও মিরাজ শেখের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। নাঈম আহমাদ প্রশ্ন তোলেন, তাহলে কি তাঁকে নতুন কোনো আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে এবং সেই আয়নাঘর কোথায়? তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মিরাজ শেখকে সুস্থভাবে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করেন।
নাঈম আহমাদ বলেন, যদি মিরাজ শেখের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তবে প্রচলিত আইনের মাধ্যমে তাঁর বিচার করা হোক। যদি মিরাজ শেখ বেঁচে না থাকেন, তাহলেও তাঁর পরিবার ও দেশবাসীকে সত্য জানানো উচিত। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে মানুষের জীবন নিয়ে কোনো ধরনের লুকোচুরি কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন।
মিরাজ শেখের পরিবারের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণেরও অভিযোগ করেন নাঈম আহমাদ। তিনি বলেন, মিরাজ শেখের মুক্তির দাবিতে কর্মসূচি পালনের জের ধরে তাঁর স্ত্রী, মা ও বোনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মারধর করে। পরে তাঁদের আটক করে দুটি মামলা দেওয়া হয়। ওই মামলায় মিরাজের স্ত্রী, মা ও বোন প্রায় ২৭ দিন কারাগারে ছিলেন।
জেডিপি মিরাজ শেখের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তাঁর সন্ধান না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে তীব্র আন্দোলন গড়ে তোলার কথা জানিয়েছে দলটি। এরই অংশ হিসেবে দেশের সব রাজনৈতিক দল, জুলাইয়ের আন্দোলনের সংগঠন, বিভিন্ন সংস্থা ও অ্যাক্টিভিস্টদের গুমের ইস্যুতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে চিঠি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে জেডিপি।
প্রতিবাদ সভায় জেডিপির প্রধান সংগঠক মো. আহছান উল্লাহর সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া। জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়াও সভায় বক্তব্য রাখেন। এছাড়াও জেডিপির যুগ্ম আহ্বায়ক ফুয়াদ জামান, যুগ্ম সদস্যসচিব ইঞ্জিনিয়ার আইমান আন্দালিব, মানিষা আক্তার শ্রুতি, মো. মুহিব্বুল্লাহ, আরিফুল হক চৌধুরী, কেফায়তুল্লাহ আল মাহাদী উপস্থিত ছিলেন। জাতীয় ছাত্রমঞ্চের প্রধান সংগঠক সালমান শরীফ, যুগ্ম সদস্যসচিব মানিক সরকার ও হাসমাইন হাওলাদার ইফরাতও বক্তব্য দেন।
মতামত (0)