নওগাঁয় ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। নওগাঁ জেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার সকাল ১১টায় কলেজ চত্বর থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী এই কার্যক্রম চলে। প্রথম দুই দিন পুরো কলেজ ক্যাম্পাস ও হলগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
পরবর্তীতে প্রতিদিন এক ঘণ্টা করে ছাত্রদলের নেতাকর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে থার্মাল ফগার মেশিন ব্যবহার করে পুরো ক্যাম্পাস ও এর আশেপাশে থাকা শিক্ষার্থীদের মেস ও বাসা-বাড়ি সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা চালানো হয়। এই সময় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।
নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রেদওয়ানুল ইসলাম রওনক জানান, বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই ক্যাম্পাসের প্রতিটি হল, অ্যাকাডেমিক ভবন ও আশপাশ পরিষ্কার রাখা জরুরি। এই কাজে সরকারের পাশাপাশি শিক্ষার্থীদেরও সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে ও ডেঙ্গুর বিস্তার রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গুর বিস্তার রোধে এই পরিচ্ছন্নতার অভিযান আজ সোমবারও চলবে।



মতামত (0)