আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগে অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারীরা জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজারের চক মসজিদ এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা দেন। প্রায় ৪৫ মিনিট পর তারা শাহবাগে পৌঁছে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা নোয়াখালীকে দ্রুত পৃথক বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা জানান, দীর্ঘদিন ধরে এই দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তাদের ভাষ্য, নোয়াখালীকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বৃহত্তর এলাকার মানুষ সহজে সরকারি ও নাগরিক সেবা পাবেন।



মতামত (0)